রুয়েটের নতুন উপাচার্য ড. আব্দুর রাজ্জাক

রাবি প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক।তিনি বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক।
রোববার (২৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। সেখানে আগামী ৪ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে উল্লেখ্য করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩ এর ১০ (১) ধারা অনুযায়ী ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক কে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।’
নিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হলো, ভাইস-চ্যান্সেলর পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর হবে; উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন; মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
উল্লেখ্য, ৩১ আগস্ট রুয়েটের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম পদত্যাগ করেন। এর পর থেকে উপাচার্য ছাড়াই চলছিলো রুয়েটের কার্যক্রম।


প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪ | সময়: ৬:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ