, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় জমি সংক্রান্ত বিরোধে মারপিট, বাড়ি ভাংচুর করে ১ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের স্বর্ণ অলংকার সহ নগদ ৩ লক্ষ টাকা ও মালামাল লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। মারপিটের ঘটনায় আহত চার জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে বাগমারা থানায় দুইটি পৃথক অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর মহল্লার আব্দুস সামাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল একই গ্রামের মকলেছুর রহমান ও তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার মাঠে আব্দুস সামাদের ভাগ্নে আলআমীনের কপিচাষের জমি হতে পানির ড্রেন কেটে দেয়ার অভিযোগ তুলে পূর্ব পরিকল্পিত ভাবে ধাওয়া করে আল আমীনকে লাঠি দিয়ে মুকলেছুর রহমান, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, বাবর আলীসহ ৬-৭ জনে মিলে বেদম প্রহর করে মারাত্বক আহত করে।
এ সময় স্থানীয়রা আল আমীনের চিৎকার শুনে এগিয়ে আসলে সেখান থেকে তারা চলে যায়। এতেই তারা ক্ষান্ত হয়নি। পরে ওই হামলাকারীরা তার বাড়িতে এসে সন্ত্রাসী কায়দায় আল আমীনের পিতা শহিদুল ইসলাম (৫০), মা সাবিনা (৪০) ও তার চাচা সাইদুর রহমানকে (৫৪) ছুরি, লাঠি, হাসুয়া দিয়ে কুপায়ে আহত করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর সন্ত্রাসীরা আল আমীনের মামা আব্দুস সামাদের বাড়িতেও হামলা চালায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ি ভাঙচুর ও বাড়িতে থাকা স্বর্ণ অলংকার ও নগদ ৩ লক্ষ টাকা সহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আহত আল আমীনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ওই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে বাগমারা থানায় পৃথক দুইটি অভিযোগ করা হয়েছে।
আব্দুস সামাদ জানান, আমার ভাগ্নে আল আমীনকে মাঠের জমিতে পানি কেটে দেয়ার নামে পূর্ব পরিকল্পিত ভাবে মারপিট করে তারা ক্ষান্তÍ হয়নি। মাঠের ধারে আমার বাড়ি পেয়ে তারা আমার বাড়ি ভাংচুর ও লুটপাট করেছে। একই ভাবে আহত আল আমীনের পিতা শহিদুল জানান, আমার ছেলে মাঠে না গেলেও সন্দেহমূলক তাকে দোষী সাব্যস্ত করে তার উপর হামলা করে মারাত্মক আহত করেছে। হামলাকারীরা একত্রিত হয়ে আমাদের পরিবারের উপর হামলা করেছে। এছাড়া তারা আমার আত্মীয়ের বাড়িতে গিয়ে বাড়ি ভাংচুর ও লুটপাট করেছে। এর সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কমনা করেছেন তিনি।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয় নিশ্চিত করে বলেন, মারপিট, বাড়ি ভাংচুর ও লুটপাটের বিষয়ে দুটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।