রাজশাহীতে মানববন্ধনে গিয়ে পরিবহন গ্রুপের সদস্যদের মারামারি

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে সড়ক পরিবহন দুই গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মানববন্ধন করতে গিয়ে বুধবার আধিপত্য বিস্তারিত কেন্দ্র করে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার (১৬ অক্টোবর ) দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সদস্যরা প্রসাশক নিয়োগের দাবিতে মানববন্ধনে দাঁড়ান। এসময় দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পরিবহন নেতা রাকেশ গ্রুপের সদস্যরা সড়ক পরিবহনের বর্তমান কমিটি প্রত্যাখ্যান করে দুপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি ও মানববন্ধনের আয়োজন করেন। এর কিছুক্ষণ পরেই বর্তমান কমিটি অর্থাৎ হেলাল গ্রুপের নেতারা ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে কথা কাটাকাটির একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য আলমাস খান গনমাধ্যমে কর্মীদের বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচির উদ্দেশে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে দাঁড়ালে তাঁরা আমাদের উপর হামলা চালায়। তাঁরা অবৈধভাবে সড়ক পরিবহন গ্রুপের অফিস দখল নিয়েছে।
তিনি আরো বলেন, আমরা চাই এখানে প্রশাসক নিয়োগ করা হোক। এরপর একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা সড়ক পরিবহণের দায়িত্ব নিবে। কোনো অবৈধ প্রতিনিধি আমরা মানবো না।


প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪ | সময়: ৫:৫৭ পূর্বাহ্ণ | সুমন শেখ