, , ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক বিরোধের জেরে শুকরানী বেগম খালেদা (৩৫) নামের এক নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শনিবার ৫ জুলাই সকালে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-বিজয় মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শুকরানী বেগম চৈতন্যপুর গ্রামের সবুর আলীর মেয়ে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শুকরানীর সঙ্গে তার চাচাতো ভাই মামুন ও নিয়ামত আলীর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শুকরানীকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় বাধা দিতে গেলে শুকরানীর মা-বাবা সহ আরও তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।