সর্বশেষ সংবাদ :

আদালত চত্ত্বরে আসামীকে ছুরিকাঘাত বাদীর লোকজনের

স্টাফ রিপোর্টার: রাজশাহীর আদালত চত্বরে জামিন পাওয়া এক আসামীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। মামলার বাদীর লোকজন এ হামলা চালায়। বুধবার দুপুর একটার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতের সামনে এ ঘটনাটি ঘটে। আহত আসামী রাজশাহী মহানগরীর কাটাখালি থানার বেলঘড়িয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে আতিকুল ইসলাম।
আদালত সূত্র থেকে জানা যায়, ২০২৩ সালের ২৭ই আগস্ট বিয়ের তথ্য গোপন করে আসামি আতিকুল ইসলাম কাটাখালির মাসকাটা দিঘী এলাকার মোহাম্মদ শাহিন ইসলাম এর মেয়ে লাভলী বেগমকে বিয়ে করে। গত ১০ জানুয়ারি ২০২৪ তারিখে লাভলী বেগম স্বামীর প্রথম বিয়ের বিষয়টি জানাতে পারে। লাভলী ক্ষুব্ধ হয়ে স্বামী আতিকুল ইসলাম ও শশুর আলাউদ্দিন, শ্বাশুড়ী আফরোজা বেগম এবং বেলঘরিয়ার পবন মন্ডলের ছেলে বিশু ড্রাইভারের নামে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি মামলা দায়ের করে। এই মামলার সমন পেয়ে আসামি আতিকুল ইসলাম ও তার পিতা-মাতা আদালতে জামিন নেয়ার জন্য আসে।
জামিন শুনানির পর আদালত আসামী আতিক ও তার বাবা মাকে জামিন দেন। জামিনের বিষয়টি বাদীপক্ষ জানতে পেরে সংক্ষুদ্ধ হয়ে আদালতের বাইরে অপেক্ষা করে। জামিনপ্রাপ্ত আসামিরা এজলাস কক্ষ থেকে বের হলে লাভলী বেগমের পিতা শাহিন ইসলাম ও ভাই আলিফসহ অজ্ঞাত ৪ জন ব্যক্তি আসামি আতিকুল ইসলাম ও তার পিতামাতার ওপর হামলা করে পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় উপস্থিত জনতা ধারালো ছুরিসহ দুজনকে আটক করে। আটককৃতরা হলেন রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন মাসকাটা দিঘী এলাকার রেজাউল ইসলাম এর ছেলে শাহিন ইসলাম ও শাহিন ইসলামের ছেলে আলিফ। তাদের রাজপাড়া থানা হেফাজতে নিয়েছে।
এ ব্যাপারে আহত আতিকুল ইসলাম বলেন, আমার মামলা ছিল আদালতে জামিন নিতে এসেছি। আসুমকা আমার উপরে ৪-৫ জন ছুরি নিয়ে হামলা করে। আমাকে রক্তাক্ত করে পালিয়ে যাবার সময় শাহীন ও সাধারণ আলিফকে মানুষ আটক করে পুলিশে দেয়।
এ ব্যাপারে রাজপাড়া থানার সাথে যোগাযোগ করা হলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আশরাফুল আলম বলেন আহত আতিকুল ইসলামের বাবা আলাউদ্দিন থানায় অভিযোগ করেছে মামলা প্রক্রিয়া চলছে।


প্রকাশিত: October 10, 2024 | সময়: 8:19 am | সুমন শেখ