, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক ডা. গোলাম কাজেম আলী আহমেদ হত্যা-কাণ্ডের ঘটনায় জড়িতদের আটক ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে এই মানববন্ধনে নিপীড়ন ও বৈষম্যের শিকার চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ডা. কাজেম আলী হত্যার ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খুনিদের চিহ্নিত করা হয়নি। নগরীতে পুলিশ বাহিনীর স্থাপিত ৫ শতাধিক সিসি ক্যামেরা থাকলেও ওই হত্যা-কাণ্ডে সাথে জড়িত মাইক্রো কারটি এখন পর্যন্ত জব্দ করতে পারেনি পুলিশ। মানববন্ধনে রাজশাহীর চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
বাক্তারা হত্যা-কাণ্ডটিকে পরিকল্পিত দাবি করে তারা বলেন, আওয়ামী লীগের এক নেতা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত।
ডা. কাজেম আলী পরিবার বলেন, হত্যাকান্ডের পর এখন পর্যন্ত তাদের পরিবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। ২০২৩ সালের ২৯ অক্টোবর রাতে প্রাইভেট চেম্বারে রোগী দেখে বাড়ি ফেরার পথে নগরীর কলাবাগান এলাকায় দুষ্কৃতিকারীরা নৃশংসভাবে হত্যা করে রামেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলীকে। এই হত্যা মামলার প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকেই চিহ্নিত করতে পারেনি পুলিশ।