, , ।
রাবি প্রতিনিধি: প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দ্বিতীয়দিনের মতো মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যায়ের (রাবি) শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন রাজশাহী টু ঢাকা মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তারা।
এসময় শিক্ষার্থীরা- ‘কোটা না মেধা, কোটা কোটা’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘১৮’র হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘মেধাভিত্তিক নিয়োগ চাই, প্রতিবন্ধী ছাড়া কোটা নাই’, ‘মেধাবীদের কান্না, আর না আর না, ‘সারাবাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’ বলে স্লোগান দিতে থাকেন।
কর্মসূচিতে একাত্মতা পোষণ করে মুক্তিযোদ্ধার সন্তান ও বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের ২০১৮-১৯ বিভাগের শিক্ষার্থী সাহাবুদ্দিন আহমেদ বলেন, আমি চাই কোটা আন্দোলন সফল হোক। কারণ, আমি যেমন বর্তমান বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছি, তেমনি সাধারণ শিক্ষার্থীরাও নিচ্ছে। এখন আমি যদি চাই তাহলে চাকরি ক্ষেত্রে কোটা প্রয়োগ করে তাদের থেকে এগিয়ে যেতে পারব। আমি চাইনা তারা আমার থেকে পিছিয়ে পড়ুক। তাই আমি তাদের সাথে একাত্মতা পোষণ করে কোটা পদ্ধতি সংস্কার চাই।
কর্মসূচিতে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক আমানুল্লাহ খান চার দফা দাবি তুলে বলেন, ২০১৮ সালের পরিপত্র বহাল রাখতে হবে। একটা কমিশন গঠন করে সকল প্রকার চাকরিতে যৌক্তিকভাবে সংস্কার করতে হবে এবং কোটা পাওয়া না গেলে মেধা দ্বারা পরিপূর্ণ করতে হবে। একজন শিক্ষার্থী তার পুরো জীবনে একবার কোটা ব্যবহার করবে। এমনকি এটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও ব্যবহার করতে পারে। ১০ বছর পরপর যে সমীক্ষা হয় সেই সমীক্ষায় কোটা পূর্ণ সংস্কার করতে হবে। তাহলে মেধাভিত্তিক, দুর্নীতিমুক্ত, সুস্থ ও সুন্দর একটি সমাজ গঠিত হবে।
এর আগে, এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও আশপাশের ছাত্রাবাস থেকে এসে প্যারিস রোডে সমবেত হন শিক্ষার্থীরা। প্যারিস রোডে অবস্থানের পর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন রাজশাহী টু ঢাকা মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। মহাসড়কে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচির পর এক মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট হয়ে ক্যাম্পাসের প্যারিস রোডে এসে আন্দোলন শেষ করেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অন্তত দেড় হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।