বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) কৃষি খাতে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ উন্নয়ন অংশীদার। চলতি অর্থ বছরে রাকাবের লোকসানী শাখা গত বছরের তুলনায় ৪৮টি শাখা হ্রাস পেয়েছে। এবছরে ৬০টি শাখা থেকে ৪৮টি কমে গিয়ে লোকসানী শাখার সংখ্যা ১২টিতে দাঁড়িয়েছে।
প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৩৭ বছরের লোকসানের কালিমা থেকে মুক্ত হয়ে ২০২৩-২৪ বার্ষিক হিসাব সমাপনীতে নীট মুনাফাসহ সকল আর্থিক সূচকে ধনাত্মক অগ্রগতি অর্জন পূর্বক ব্যাংকটি কাংখিত সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করেছে।
রাকাবকে মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরের শুরুতেই শ্রেণীকৃত ঋণ আদায়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাংক ব্যবস্থাপনা সুনির্দিষ্ট ও বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের জন্য টাইম বাউন্ড এ্যাকশন প্ল্যান গ্রহণ করেন। এরই ফলশ্রুতিতে ২০২২-২৩ অর্থবছরের ২২৪ দশমিক ১৫ কোটি টাকার লোকসান কাটিয়ে সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে ২ দশমিক ৯৮ কোটি টাকা নীট মুনাফা অর্জিত হয়েছে।
এছাড়া আমানত স্থিতি পূর্ববর্তী বছরের ৬ হাজার ৭৭৭ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৭ হাজার ১৮০ কোটি টাকায় দাড়িয়েছে। ঋণ স্থিতি ৭ হাজার ৫৮৭ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৭ হাজার ৮৩৭ কোটি টাকায় উন্নীত হয়েছে। একইসাথে শ্রেণীকৃত ঋণ স্থিতি এক হাজার ৪৩০ কোটি টাকা থেকে হ্রাস পেয়ে এক হাজার ২৪২ কোটি টাকায় এবং শ্রেণীকৃত ঋণের হার ১৯ শতাংশ থেকে হ্রাস পেয়ে ১৬ শতাংশে পৌঁছেছে। আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবাসমূহ স্বল্প খরচে দ্রুততার সাথে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেয়ার ফলে নন-ফান্ডেড আয়ও বৃদ্ধি পেয়েছে।
রাকাবের গ্রাহকগণ এখন ঘরে বসে ব্যাংক হিসাব খোলা, রাকাব মোবাইল এ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার, নেসকো এবং ওয়াসাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিল প্রদান, সকল মোবাইল অপারেটরে টপ-আপ, আরটিজিএস, কিউআর কোড এর মাধ্যমে চেক ব্যতীত টাকা উত্তোলন, বিইএফটিএনসহ আধুনিক সকল ব্যাংকিং সেবা নির্বিঘ্নে গ্রহণ করছেন। ফলে ধারাবাহিকভাবে রাকাবের ব্যবসায়িক পরিধি প্রসারিত হচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকসহ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানসমূহের সার্বিক সহযোগিতা ও অকুন্ঠ সমর্থন, ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক প্রচেষ্টা এবং নিরলস পরিশ্রম রাকাব-কে বদলে দেয়ার দৃঢ় প্রত্যয়, নিজস্ব উদ্ভাবিত পোর্টেবল বিজনেস ইন্টেলিজেন্স ‘রাকাব লেন্স’ এর সাহায্যে ব্যাংক ব্যবস্থাপনার প্রাত্যহিক হালনাগাদ তথ্য ভিত্তিক নিবিড় মনিটরিং ও সুস্পষ্ট দিক-নির্দেশনার মাধ্যমে এই অর্জন সম্ভব হয়েছে।
নীট মুনাফা অর্জন ও সকল আর্থিক সূচকে ধনাত্মক অগ্রগতি অর্জনের এই মহেন্দ্রক্ষণে রাকাবের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর লালিত স্বপ্ন বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা কৃষি ও কৃষক বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাননীয় সচিব, রাকাব পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ, ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, আমানতকারী, ঋণগ্রহীতা, অংশীজন, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় অগ্রগতির এই ধারা অব্যাহত রেখে আগামীতে রাকাব-কে একটি মডেল ব্যাংক হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।