সর্বশেষ সংবাদ :

ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের মা আর নেই 

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মা নার্গিস আরা বেগম (৭৪) আর নেই। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নার্গিস আরা বেগম বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিন ছেলে-মেয়ে নিয়ে তিনি নগরীর সাগরপাড়া এলাকায় থাকতেন। খালেদ মাসুদ পাইলট ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে মায়ের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

 

রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, নার্গিস আরা বেগমের উ”চ রক্তচাপ ছিল। শরীরে লবণের সংকট ছিল। এ ছাড়া তিনি হৃদরোগ, কিডনি, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন। এসব জটিলতা নিয়ে সোমবার তাঁকে রামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি মারা যান।

ফেসবুকে দেওয়া পোস্টে খালেদ মাসুদ পাইলট তাঁর মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন। মঙ্গলবার বাদ এশা নগরীর টিকাপাড়া কবরস্থানে জানাজা শেষে লাশ দাফন করা হবে বলেও তিনি জানিয়েছেন।

রাসিক মেয়রের শোক
রাজশাহী মহানগরীর সাগরপাড়া নিবাসী, সাবেক ফুটবলার মরহুম শামসুল ইসলাম মোল্লার স্ত্রী এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মাতা নার্গিস আরা বেগম (৭৪) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র। শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১টা ৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নার্গিস আরা বেগম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ এশা টিকাপাড়া ঈদগাহ মাঠে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সানশাইন / শামি


প্রকাশিত: June 25, 2024 | সময়: 6:38 pm | Daily Sunshine