সর্বশেষ সংবাদ :

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি আসছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও জাপান

স্পোর্টস ডেস্ক: ২০২১ সাল থেকে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি আয়োজন করছে বাংলাদেশ। আগামী ২৬ মে থেকে ৪ জুন ১২টি দেশ নিয়ে হবে এই টুর্নামেন্টের চতুর্থ আসর।
খেলবে ইউরোপের পোল্যান্ড, আফ্রিকার কেনিয়া এবং এশিয়ার দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ। প্রথমবারের মতো অংশ নেবে সবশেষ দুই বিশ্বকাপে সেমিফাইনাল খেলা দক্ষিণ কোরিয়া, জাপান ও থাইল্যান্ড এবং এশিয়ান কাবাডির পরাশক্তি পাকিস্তান।
আজ সোমবার ডিএমপি হেডকোয়ার্টারের সভাকক্ষে বৈঠক শেষে জানান ডিএমপি কমিশনার এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এবার নানান কারণে আসছে না দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, ইউরোপের ইংল্যান্ড ও এশিয়ার চাইনিজ তাইপে। বিদেশি দলগুলো আসবে ২৩ ও ২৪ মে, ২৫ মে ম্যানেজার্স মিটিংয়ে হবে গ্রুপিং ও ফিকশ্চার। ২৬ মে খেলা মাঠে গড়াবে। গত তিন আসর শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে খেলা হলেও এবার হবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।
২০২৪ সাল বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫০ বছর পূর্তি। সে কারণে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসরকে বর্ণিল রুপ দিতে চায় ফেডারেশন। সারাদেশে একযোগে কাবাডি উৎসব করার পরিকল্পনা রয়েছে, হবে আতশবাজির ঝলকানি, জানিয়েছেন কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক।
প্রথম আসরে অংশ নিয়েছিল ৬টি দল। ২০২২ সালে দ্বিতীয় আসরে ৮টি ও গত বছর অংশ নেয় ১২টি দল। গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম দুইবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল কেনিয়া। ২০২১ সালে ৩৪-২৮ ও ২০২২ সালে ৩৪-৩১ পয়েন্টে জিতেছিল লাল-সবুজ দল। আর গত আসরে চাইনিজ তাইপেকে ২৮-৪২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা। তিনবারই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তুহিন তরফদার।


প্রকাশিত: May 7, 2024 | সময়: 4:04 am | সুমন শেখ