সর্বশেষ সংবাদ :

রাকসু ও সিনেট কার্যকরের দাবিতে আম্মারের নেতৃত্বে অবস্থান কর্মসূচি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেট কার্যকরের দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘রাবি সংস্কার আন্দোলন’।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে রাকসুর সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা অনির্দিষ্টকালের জন্য প্রশাসন ভবনের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি শুরু করেন।
সকাল সোয়া ১১টায় প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানসহ প্রক্টোরিয়াল বডি প্রশাসন ভবনের সামনে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং উপাচার্যের কনফারেন্স কক্ষে আলোচনায় বসার অনুরোধ জানান। তবে আম্মারসহ আন্দোলনকারীরা সেই অনুরোধে রাজি হননি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা প্রশাসন ভবনের সামনে অবস্থান করছিলেন।
অবস্থান কর্মসূচি চলাকালে আন্দোলনকারীরা ‘আদু যদু মদু ভাই, তারা কি আর রাকসু চায়’, ‘প্রশাসনের টালবাহানা, চলবে না চলবে না’, ‘সন্ত্রাস না রাকসু, রাকসু রাকসু’, ‘রাকসুর রোডম্যাপ, দিতে হবে দিয়ে দাও’, ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’ এবং ‘গণতন্ত্রের বুলি নয়, গণতন্ত্রের চর্চা চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
রাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও রাবি সংস্কার আন্দোলনের আহবায়ক সালাহউদ্দিন আম্মার বলেন, ‘রাকসু নির্বাচনের জন্য প্রশাসন সময় চায়, আসলে কতটা সময় চায় তারা? প্রশাসন একটা নির্বাচন কমিশন গঠন করবে, তারা স্বাধীনভাবে কাজ করবে। এই ছাত্রসংসদ স্থবির হয়ে যাওয়া কখনোই ভালো কিছু বয়ে আনবে না। তাই অনতিবিলম্বে রাকসু নির্বাচনের দাবি জানাচ্ছি। নির্বাচন কমিশন গঠন করে রাকসুর তফসিল ঘোষণা না করা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।’
রাবি সংস্কার আন্দোলনের সদস্য সচিব আরিফ আলভী বলেন, ‘দেশে এই মুহূর্তে কোনো মহামারী চলছে না, কিংবা কোনো আইনি জটিলতা নেই যে রাকসু নির্বাচন দেওয়া সম্ভব হবে না। রাকসু শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, সেটা প্রশাসনকে অবশ্যই নিশ্চিত করতে হবে। যদি দাবি মানা না হয়, তবে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাবো।’
এর আগে, গত ১২ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চার দিনের আল্টিমেটাম বেধে দেয় রাবি সংস্কার আন্দোলন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি মানা না হলে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। পরবর্তীতে গতকাল সোমবার বিকেলে পুনরায় এক সংবাদ সম্মেলনে প্রশাসন ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় সংগঠনটি।


প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬ | সময়: ৭:৩৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর