সর্বশেষ সংবাদ :

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ

রাবি প্রতিনিধি  :

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ড ও ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেট শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চতুর্থ বিজ্ঞান ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এসময় মিছিলে ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’, ‘ভারতের হাসিনা, ভারতেই থেকে যা’ এবং ‘মুজিবের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা ও ছাত্রদলের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি সুশৃঙ্খল ও মানবিক রাষ্ট্র গড়ার জন্য কাজ করে যাচ্ছেন। সে অনুযায়ী সরকার থেকে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া আছে। তবে বাংলাদেশে এখনো ষড়যন্ত্রে লিপ্ত ফ্যাসিস্টরা সক্রিয় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশের বিদ্যাপীঠগুলোর মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সর্বপ্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়কেই স্বৈরাচার ও ছাত্রলীগমুক্ত করা হয়েছে। আর এই অর্জনে ছাত্রদলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সর্বাধিক অবদান ছিল বলে আমি মনে করি।’

ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় জানিয়ে জহুরুল ইসলাম বলেন, ‘ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী ক্যাম্পাসের প্রতিটি পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে। প্রয়োজনে তাজা রক্ত দিয়ে হলেও আমরা এই ক্যাম্পাসে কোনো ফ্যাসিস্ট ও আওয়ামী লীগের দোসরদের অবস্থান করতে দেব না।’

শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘হেলমেট পরে লুকিয়ে ককটেল মেরে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার মতো ষড়যন্ত্র যেন আর না ঘটে, সেজন্য প্রতিটি হলের নেতাকর্মীদের সারারাত পাহারা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, কাজলা গেটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আজ ও আগামীকাল অবস্থান করবেন।’

রাহী আরও বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৫৩ একরের পবিত্র মাটিতে নিষিদ্ধ ছাত্রলীগকে বিন্দুমাত্র স্থান দেওয়া হবে না। কেউ অরাজকতার চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেওয়া হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনপি ও ছাত্রদলের ঘাঁটি; এখানে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয় এমন কোনো কাজ আমরা করতে দেব না।’

কামরুজ্জামান /শামি


প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬ | সময়: ৯:০৭ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর