সর্বশেষ সংবাদ :

মহাদেবপুরে ধানক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

মহাদেবপুর প্রতিনিধি :

মহাদেবপুরে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৮ নভেম্বর বুধবার সকালে উপজেলার খাজুর -বাগডোব পাকা সড়কের লক্ষ্মীপুর (জোতকানু) মোড়ের দক্ষিণ পাশে কৃষকরা ধান কাটতে যাওয়ার সময় অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছে ।

 

বিষয়টি ফেসবুকের মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সফাপুর ইউনিয়নের কতিপয় মানুষ ঘটনাস্থলে পৌঁছে।

তাদের মধ্যে হাফেজ মোঃ ইউসুফ আলী বলেন, নিহত ব্যক্তি আমার ভাস্তি জামাই। তিনি আরো বলেন, নিহত ব্যক্তি সফাপুর ইউনিয়নের চকগৌরি গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে এরশাদ ( ৪৫) । প্রাথমিক ভাবে আরো জানা গেছে,নিহত এরশাদ মঙ্গলবার সন্ধ্যার দিকে মায়ের জন্য ঔষধ নেওয়ার কথা বলে বাড়ি থেকে জিগাতলা বাজারে যায় এবং রাতে আর বাড়ি ফেরেনি। বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করেনি।

লিয়াকত/শামি

 


প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬ | সময়: ৯:১৫ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর