সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের টাকা আত্মসাতের অভিযোগ 

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর নিয়ামতপুরে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা তাঁদের না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে তথ্য চাওয়ায় ওই অধ্যক্ষ মুঠোফোনে সাংবাদিকদের সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন। তবে মুঠোফোনে তিনি শিক্ষার্থীদের সম্মানীর টাকা তাঁদের ‘পিকনিক’ খাওয়ানোর জন্য এক সহকারী শিক্ষকের কাছে রেখেছেন বলে গণমাধ্য্যমকর্মীর কাছে স্বীকার করেন।

অভিযুক্ত ওই অধ্যক্ষর নাম আনোয়ার শাহাদাত। তাঁর প্রতিষ্ঠানের নাম এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ। এটি নিয়ামতপুর সদরে অবস্থিত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্থানীয় সাংবাদিকেরা সরেজমিনে সেই প্রতিষ্ঠানে তথ্য নিতে গেলে সেখানেও তিনি গণমাধ্যমকর্মীদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেসরকারি সংস্থা (এনজিও) ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইউএসডিও)-এর উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৭ অক্টোবর উপজেলা সদরে অবস্থিত এশিয়ান স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রতিষ্ঠানটির ১০ জন শিক্ষার্থী স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করে।
অনুষ্ঠান শেষ হওয়ার পর আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেক স্বেচ্ছাসেবী শিক্ষার্থীকে উপহারসামগ্রীর পাশাপাশি নগদ ৫০০ টাকা করে সম্মানী প্রদান করা হয়। অভিযোগ উঠেছে, টাকা পাওয়ার পর অধ্যক্ষ আনোয়ার শাহাদাত শিক্ষার্থীদের কাছ থেকে সুকৌশলে সেই টাকা নিয়ে নেন।

বিষয়টি এক শিক্ষার্থীর অভিভাবক ‘চ্যানেল এস’-এর স্থানীয় প্রতিনিধি রুহুল আমিন শেখকে জানান। তিনি গতকাল (১৬ নভেম্বর) বিষয়টি নিয়ে মুঠোফোনে অধ্যক্ষের নিকট জানতে চাইলে চরম ক্ষিপ্ত হয়ে এবং ঔদ্ধত্যপূর্ণ ভাষায় বলেন, “আপনি কে যে আপনাকে জবাব দিতে হবে? আপনি কি এসিল্যান্ড বা ইউএনও যে বিচারক সেজেছেন?” এ সংক্রান্ত একটি কথোপকথনের রেকর্ড গতকাল চ্যানেল এস-এ প্রচারিত হয়।

গতকাল সংবাদ প্রচারের পর আজ বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি, নাগরিক টিভির প্রতিনিধি ও ‘বিপ্লবী বার্তা’-র প্রতিনিধিসহ বেশ কয়েকজন সংবাদকর্মী ঘটনার বিস্তারিত জানতে এশিয়ান স্কুল অ্যান্ড কলেজে যান। এ সময় উপস্থিত সাংবাদিকদের সাথে অধ্যক্ষ চরম অসৌজন্যমূলক আচরণ করেন। সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি শুরুতে কথা বলবেন বলে জানান এবং কিছুক্ষণ পর জানান যে এ বিষয়ে তাঁরা কোনো কথা বলবেন না। এ সময় স্কুল শিক্ষকদের পক্ষ থেকেও সাংবাদিকদের উদ্দেশ্যে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর অভিভাবক জানান, সংবাদ প্রকাশের জেরে আজ সকালে স্কুল কর্তৃপক্ষ নতুন কৌশলের আশ্রয় নেয়। তাঁরা শিক্ষার্থীদের দিয়ে লিখিয়ে নেয় যে— “তারা স্বেচ্ছায় ওই টাকা স্যারকে দিয়েছেন।” এরপর আজকে ওই শিক্ষার্থীদের ডেকে পুনরায় টাকাগুলো তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় এবং সাংবাদিকরা এলে কী বলতে হবে, তা শিখিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ইউএসডিও- এর কোঅর্ডিনেটর কলি ইয়াসমিন বলেন, ” গত ১৭ অক্টোবর এশিয়ান স্কুল অ্যান্ড কলেজে আমাদের একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইন অনুষ্ঠানে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ১০ দশ শিক্ষার্থী স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করে। অনুষ্ঠান শেষে আমরা স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের স্বাক্ষর নিয়ে তাঁদের নিজ হাতে সম্মানীর টাকা বুঝিয়ে দিয়েছি।’

​এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, “বিষয়টি আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। আমি শিক্ষা অফিসারকে বলে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেবো।”

​কোমলমতি শিক্ষার্থীদের সম্মানী সুকৌশলে হাতিয়ে নেওয়া এবং সংবাদকর্মীদের সাথে এমন অপেশাদার আচরণের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সংবাদকর্মীরা।

জনি /শাহজাদা


প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬ | সময়: ৯:২৩ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর