, , ।
ইমাম হোসেন, সানশাইন:
রাজশাহীর পুঠিয়ায় ঔষধ প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানের পর, সকল ফার্মেসি বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ফার্মেসী সমিতি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরের পর থেকে ওষুধের দোকানপাট বন্ধ দেখা গেছে। ওই ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা ঔষধ না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।
পুঠিয়া উপজেলা সদরের মোট পাঁচটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা যায়। ফার্মেসি গুলো হল সেতু, আলহামদুলিল্লাহ, লাইফ কেয়ার ও আরএস ফার্মেস। ধারণা করা হচ্ছে এরই জেরে ফার্মেসি গুলো বন্ধ রাখা হয়েছে।
ফেরদৌসী নামের একজন নারী রোগী পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসার পর, তার ইনজেকশনের দরকার হয়। পরে ফার্মেসি গুলো বন্ধ থাকতে দেখে চরম বিড়ম্বনায় পড়েছেন তিনি। তিনি বলছেন এখন আমি কোথায় যাব কোথায় গেলে ওষুধ পাব কিছু বুঝতে পারছি না সব দোকানপাট বন্ধ। এছাড়াও আরো বেশ কয়েকজন রোগী ঔষধ না পেয়ে ক্ষোভ ঝাড়েন।
ফার্মেসি বন্ধ থাকার বিষয়ে, পুঠিয়া সদরের আল-আমিন ফার্মেসীর রবিউল ইসলাম বলেন, আমরা আর কয় টাকা লাভ করি। দুদিন পর পর এসে আমাদের জরিমানা করা হয়। অনেক রোগী কিনতে আসছে, তাদের ওষুধ দিতে না পেরে আমাদের খারাপও লাগছে।
ফার্মেসি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান রাজু বলেন, আমি শুনেছি কয়েকটা দোকানে জরিমানা করা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো একটা দোকানদার সারাদিনে ৫ হাজার টাকা বিক্রি করতে পারে না, অথচ এভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাই ব্যবসায়ীরা বলছেন দোকানও খুলবো না, জরিমানাও দেব না। তাই সকল ফার্মেসি বন্ধ রয়েছে।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, বিষয়টি আমি শুনেছি। জরুরী ভাবে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
ইমাম /শাহজাদা