, , ।
ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দাবি-দাওয়া পূরণ করা সরকারের পক্ষে অসম্ভব নয়।
সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষা মন্ত্রী বলেন,”উপাচার্য আমাকে বেশ কিছু সংকটের কথা জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এসব সমাধানের চেষ্টা করা হবে। অ্যাকাডেমিক ভবন ও অডিটোরিয়ামের জন্য শিগগিরই বাজেট দেওয়া হবে। এরপর আবাসিক হলসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন করা হবে।”
তিনি আরও বলেন,”বরিশাল বিশ্ববিদ্যালয় একটি বিভাগীয় বিশ্ববিদ্যালয়, যেটি বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করেছেন।”
শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন,”২০০১-২০০৬ মেয়াদে শিক্ষাব্যবস্থাকে যে অবস্থানে রেখে আসা হয়েছিল, এখন সেখানে নেই। বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে পেছনের দিকে নিয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি জানান, সরকার ভোকেশনাল শিক্ষায় গুরুত্ব দিচ্ছে।”
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, লেখাপড়ায় কোনো অসাধুতা থাকবে না, মানোন্নয়ন হবে এবং আধুনিক পদ্ধতিতে এআইয়ের সহায়তা নেওয়া হবে। তিনি বলেন, মুখস্থনির্ভর পড়াশোনার দিন শেষ। এখন জ্ঞানভিত্তিক পড়াশোনা করতে হবে এবং সেই জ্ঞান ব্যবহার করতে জানতে হবে। আগামীর বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের তৈরি করতে হবে।
তিনি জানান, ২০২৭ সালে নতুন কারিকুলাম আসছে এবং ২০২৮ সালে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হবে। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইটের রাস্তায় হাঁটতে তাঁর ভালো লাগেনি বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। সম্মানিত অতিথি ছিলেন ইউট্যাবের মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী।
তপু /শাহজাদা