, , ।
কালাই প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় কৃষাণ-কৃষাণীরা নতুন ধান ঘরে তোলার আনন্দে নবান্ন উৎসবে মেতে উঠছে। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের কারণে কৃষকদের মুখে হাসি ফুটেছে। তারা ধান কাটা, মাড়াই ও গোলায় তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন। এই উৎসবে কৃষাণীরা নতুন চাল দিয়ে পিঠা, পায়েস ইত্যাদি খাবার তৈরি করেন এবং আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের আপ্যায়ন করেন।
সরেজমিনে গিয়ে এ উপজেলার কয়েকজন কৃষকরা জানান, নতুন ধান ঘরে তুলতে শুরু করেছে। গ্রামের বিভিন্ন বাড়ির সামনে এই ধান সেদ্ধ করা ও শুকানোর জন্য জায়গা তৈরি করতে শুরু করেছেন নারীরা। নতুন ধান ঘরে উঠানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ কৃষাণীরা। আর ধান ঘরে উঠলে পিঠে পায়েস খাওয়ার ধুম পড়ে যায়। পাড়ায় পাড়ায় চলে নবান্ন উৎসব। হ্যাঁ অনেক কিছুই বদলে গেছে এখন। আগের মতো আচার পালন করা হয় না।
তবে নতুন ধানে পিঠাপুলির আয়োজন সহ কিছু আনুষ্ঠানিকতা একেবারে হারিয়ে যায়নি। গ্রামে গেলে ঠিকই চোখে পড়ে। নবান্ন উৎসবের সাথে মিশে আছে বাঙালিয়ানার হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির নানা দিক। প্রাচীনকাল থেকেই বাঙালি জাতি ধর্ম বর্ণ উপেক্ষা করে নবান্নকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠে। একে অন্যের মধ্যে তৈরি হয় এক সামাজিক মেলবন্ধনের।
তবে গ্রামীণ মেলা এখন আর শুধু গ্রামেই হয় না, শহরের মানুষও এখন নবান্নের স্বাদ নিয়ে থাকে। নানা রকমের পিঠাপুলির আয়োজন থাকে নবান্ন উৎসবে। আমাদের দেশে নবান্ন উৎসবে ঘিরে এলাকায় চলে জারি, সারি, মুর্শিদি, লালন, পালা ও বিচার গান। আর মেলায় পাওয়া যায় নানা স্বাদের খাবার। ছোটদের বাড়তি আনন্দ দিতে মেলায় আসে নাগরদোলা, পুতুল নাচ, সার্কাস, বায়োস্কোপ। তখন হয়তো মনে পড়ে যায় ফেলে আসা দূর অতীতের কথা যেখানে মা বাবা ভাই বোন আত্মীয়স্বজন সবাই মিলে নবান্নের উৎসব উপভোগ করি।
এ উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়ন হাতিয়র গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমান মাষ্টার বলেন,‘ নবান্ন উৎসবকে ঘিরে প্রতিটি পরিবারে একটা মিলন মেলার পরিবেশ সৃষ্টি হয়। সেখানে খাবার পরিবেশনের অন্যতম অংশ জুড়েই থাকে নতুন ধানের চালের ক্ষীর, পায়েস,ও ভাত এবং বিভিন্ন পদের তরকারি।
এ উপজেলার মাত্রাই গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ বলেন, নবান্ন উপলক্ষে গ্রামের প্রতিটি বাড়িতে মেয়ে জামাই ও আত্মীয়স্বজনদের দাওয়াত দিয়ে বিশেষ আপ্যায়নের আয়োজন করা হয়। তিনি আরও বলেন,এলাকার বিভিন্ন স্থানে দিনভর মেলায় গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী লাঠিখেলা, নাগরদোলা ও চরকির পাশাপাশি বসে মিঠাই-মিষ্টি, মাটি ও কাঠের তৈজসপত্রের বাহারি দোকান।
এ বিষয়ে কালাই উপজেলার কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলায় ধানের ভালো ফলনের আশা করছেন। এবং শ্রমিকের পাশাপাশি হারভেস্টার দিয়ে ধান কাটতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।