, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পাইকারি বাজারে শীতের আগাম সবজিতে ভরপুর। ফুলকপি, বাঁধাকপি, মুলা, লাউসহ বিভিন্ন সব সবজির সরবরাহ ভালো। তবে এবার আগাম সবজিতে লাভ পাচ্ছেন না কৃষক। কৃষি উপকরণের দাম বৃদ্ধি এবং অধিক জমিতে সবজি চাষাবাদ হওয়ায় কম দামে বিক্রি করতে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, পরিবহন খরচ বাড়ায় তাদের ব্যবসাও মন্দা চলছে।
জেলা কৃষি অধিপ্তর থেকে জানা গেছে- জেলার বিভিন্ন উপজেলায় ১১ হাজার সাতশত ষাট হেক্টর (৮৭ হাজার পাঁচশ’ বিঘা) জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শীত আসার আগে প্রতিবছর শীতের সবজি দেখা মেলে হাটবাজারে। বেশি দামের আশায় পরম যত্নে আগাম সবজি চাষাবাদ করেন জেলার প্রায় প্রতিটি উপজেলার কৃষকরা। এবারও চাষ করেছেন মূলা, কপি, লাউসহ নানা সবজি। চাষিদের অভিযোগ কৃষি উপকরণের দাম বাড়ার কারণে এবং অপেক্ষাকৃত বেশি জমিতে চাষাবাদ হওয়ায় বাজারে সবজিতে তেমন দাম পাচ্ছেন না তারা।
জেলার মোহনপুর উপজেলার বিদিরপুর পাইকারি সবজিহাটে কৃষক ইব্রাহিম বলেন, ‘গতবারের তুলনায় এবারে সবজির দাম অনেক কম। সবজির দাম এরকম থাকলে আবাদে লোকসান গুণতে হবে।’ অন্য একজন বলেন, ‘পর্যাপ্ত পরিমাণ খরচ বাড়ছে। কীটনাশকের দাম বেশি। কীটনাশক ভেজাল পাওয়া যাচ্ছে। সারের দাম বেশি, সার পাওয়া যাচ্ছে না।’ সবমিলিয়ে শীতের আগাম সবজিতে কৃষকেরা লোকসানের মুখে পড়েছেন।
সপ্তাহ দুইদিন হাটবারে এই পাইকারি বাজার থেকে অর্ধশত ট্রাক সবজি নিয়ে দেশের বিভিন্ন মোকামে যায়। জ্বালানি তেলের দাম বাড়ায় কিছুটা কম দামে সবজি কিনলেও পরিবহন খরচের কারণে পোষাতে পারছেন না। নামমাত্র লাভে কেনাবেচা করতে হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। তবে বিভিন্ন কারণে ভোক্তা পর্যায়ে ঠিকই বেশী দামে সবজি কিনতে হচ্ছে। অথচ কৃষকেরা লোকসানের পরিধি থেকে বের হতে পারছেন না।
অনেক কৃষক অভিযোগ করে বলেন যে তারা উৎপাদনের খরচ তো দূরের কথা, বাজার পর্যন্ত সবজি নেওয়ার পরিবহন খরচ এবং শ্রমিকের মজুরিও তুলতে পারছেন না। যেমন মুলাতে শ্রমিক খরচই উঠছে না। উৎপাদন মূল্য না পেয়ে অনেক চাষি চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।
মোহনপুর উপজেলার বেড়াবাড়ি গ্রামের কৃষক আক্কাস আলী বাজারে মুলা নিয়ে এসে ভ্যানভাড়া ও শ্রমিকের মজুরি দিতে না পেরে শেষ পর্যন্ত অবশিষ্ট মুলা রাস্তার পাশে ফেলে দিতে বাধ্য হয়েছেন। তবে অনেকে ধারণা করেছেন- আলুর দাম কম থাকায় ভোক্তারা সবজির প্রতি কিছুটা উদাসীন এবং অনুকূল আবহাওয়ায় ফলন ভালো হওয়ায় বাজারে এই দামের পতন ঘটেছে। তবে আশার বিষয় হচ্ছে-দাম আবার কিছুটা বাড়তির দিকে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কৃষক বলেন, ‘বীজ, সার, কীটনাশক এবং শ্রমিকের মজুরির খরচ অনেক বেড়ে গেছে। এর ওপর কম দামে সবজি বিক্রি করার কারণে পুঁজি উঠে আসছে না। কারণ প্রতিকেজি ফুলকপি উৎপাদন করতে ২৫-৩০ টাকা লাগে। আর সেই কপি আমাদের বিক্রি করতে হচ্ছে ২০ থেকে ২২ টাকা কেজি।’ রোববারের হাটবারে পাইকারি দামে ফুলকপি আটশো’ টাকা মণ, প্রতিটি বাধাকপি ১৪-২০ টাকা এবং মুলা প্রতিমণ পাঁচশো-সাতশো’ টাকা।
ব্যবসায়ীদের মধ্যে একজন বলেন, ‘মোকামে মাল নিয়েও শান্তি নেই। এখন ইনকাম হচ্ছে না। গাড়ি ভাড়া বেশি, তেলের দাম বেশি। হাটের খাজনা বেশি। সব দিক দিয়েই পরতা হচ্ছে না। অথচ প্রশাসন ও ভোক্তারা সিন্ডিকেট বলে ঠিকই গালি দিয়ে যাচ্ছেন।
কৃষি বিভাগ বলছে, এবার বেশি জমিতে আগাম সবজি চাষ হওয়ায় এবং ফলন ভালো পাওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। তাই দাম কিছুটা কম। তবে লাভ কম হলেও কৃষক সবজিতে লোকসান দিচ্ছেন না বলে জানান কৃষি কর্মকর্তা।
তবে সবজির দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন খুচরা বিক্রেতারা। লোকমান নামের এক খুচরা বিক্রেতা বলেন, ‘এখন সবজি অনেক সস্তা, আমরা যত কমে কিনতে পারি তত কমে ক্রেতাদের কাছে বিক্রি করতে পারি। আগে যখন দাম বেশি ছিল তখন বেচাবিক্রি কম হতো। এখন মানুষ অল্প টাকায় ব্যাগ ভরে বাজার করতে পারে।’
দাম কমের ব্যাপারে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল হোসেন বলেন, “কৃষকরা হয়তো আশা করে যে প্রথম সবজির দামটা আরও বেশি পাবেন। এই বাজার মূল্যেও কৃষকের লোকসান হবে না। তবে আশার কথা হচ্ছে-গত সপ্তাহের চেয়ে আজকে সবজির বেশী। কৃষকেরা অনেক বেশী দাম পাচ্ছেন না বলেই তো ক্রেতারা কম টাকায় সবজিটা পাচ্ছে। কিন্তু কৃষকরা মনে করছেন যে গতবারে যে লাভটা করেছিল সেভাবেই লাভ থাকবে”। তিনি ব্যক্তিগতভাবে মনে করেন বিক্রেতা ও ক্রেতা এই দুইটার একটা ভারসাম্য অবশ্যই থাকা উচিত। যা এখনকার দামে বিদ্যমান।