সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে রেডিয়াম নার্সিং ইনস্টিটিউটের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে রেডিয়াম নার্সিং ইনস্টিটিউটের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিনব্যাপী নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবীন শিক্ষার্থী, কৃতী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
রেডিয়াম নার্সিং ইনস্টিটিউট এর চেয়ারম্যান রজব আলী খন্দকার (শিমুল)-এর সভাপতিত্বে ও রেডিয়াম নার্সিং ইনস্টিটিউটের ম্যানেজিং ডিরেক্টর মোঃ শামীম উদ্দীন মৃধা এর পৃষ্ঠপোষকতায় এবং অধ্যক্ষ জান্নাতুল ফেরদাউস এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের স্পাইন সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. হাবিবুল হাসান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. এম এ মুন্নাফা সরকার।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, ফারুক আহমেদ, সাইমুম আহমেদ, প্রভাষক নাজমুল ইসলাম, প্রভাষক কাজেম উদ্দিনসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানানো এবং কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। শিক্ষাক্ষেত্রে মেধা, অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতি হিসেবে তাদের এ সংবর্ধনা প্রদান করা হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নার্সিং পেশা মানবসেবার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। এ পেশায় দক্ষতা, দায়িত্বশীলতা, মানবিকতা ও আন্তরিকতার বিকল্প নেই। মানসম্মত শিক্ষা ও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নার্স হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তাঁরা।
আয়োজকরা জানান, নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনে উৎসাহিত করা এবং বিদায়ী ও কৃতী শিক্ষার্থীদের অর্জনকে সম্মান জানানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আত্মবিশ্বাস ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ পেশাগত জীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।
নবীনদের আগমন, বিদায়ীদের শুভকামনা এবং কৃতী শিক্ষার্থীদের সম্মাননার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


প্রকাশিত: November 8, 2026 | সময়: 6:23 am | সুমন শেখ

আরও খবর