, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় বালানগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ এসএম মাহাবুবুর রহমানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি এবং দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ, নিয়োগ বঞ্চিত প্রার্থী এবং স্থানীয় সূত্রে জানা গেছে, এসএম মাহাবুবুর রহমান নিজেই প্রভাব খাটিয়ে অধ্যক্ষের পদ বাগিয়ে নেন।
এরপর দুর্নীতি এবং স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ বাণিজ্য শুরু করেন। তিনি নিজের মেয়ের জামাই, ভাতিজি, আপন ভায়ের ভাইরার ছেলে সহ নিজস্ব লোকদের বিভিন্ন পদে নিয়োগ প্রদান করেন।
অল্প সময়ের মধ্যে ছয়টি নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করেন। এসব নিয়োগে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগে প্রকাশ। এছাড়াও সম্প্রতি অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মী পদে অতিগোপনে নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করা হয়। এখানেও প্রায় পঁচিশ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য করা হযেছে বলে দাবী করা হয়েছে। একজন চাকরি প্রার্থীর বাড়ীতে পরীক্ষার পূর্বে সন্ধারাতে প্রবেশপত্র পৌঁছানো হয়। তিনি বাড়ীতে না থাকার কারণে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেননি।
এই নিয়োগ পরীক্ষায় দাম-দর রফাদফার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিট গঠন করা হয়। সেখানে সর্বোচ্চ দরদাতাকে না নিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে নিজস্ব লোককে নিয়োগের পাঁয়তারা করা হচ্ছে।
নিয়োগের দিনে রাজকীয় ভূরিভোজের ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও বিভিন্ন সময়ে কমিটি গঠনেও নিজস্ব লোকদের কমিটিতে রাখা হয়েছে।
এ সমস্ত বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ এস এম মাহাবুবুর রহমানের নিকট একাধিকবার ফোন দিলে, তিনি ফোন রিসিভ করেননি। সেকারণে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার নিয়োগপ্রার্থী বালানগর গ্রামের মাশিকুর রহমান, রাকিব, ছাত্র অভিভাবক ফজলুর রহমান, নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। নির্বাহী অফিসারের দপ্তর থেকে অভিযোগ প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে।
বাগমারা উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্নার নিকট মুঠোফোনে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমি শহরে ছিলাম। কবে অভিযোগ দিয়েছে? অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।