সর্বশেষ সংবাদ :

এইচএসসিতে পাস করা সবাই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী

সানশাইন ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশ্ববিদ্যালয় ও কলেজ মিলিয়ে পর্যাপ্ত আসন থাকায় পাস করা কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা নেই বলে জানান তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সবাই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয় ও কলেজ মিলিয়ে এবার প্রায় ১৩ লাখ ৪০ হাজার আসন রয়েছে। অন্যদিকে, পরীক্ষায় পাস করেছেন প্রায় ১২ লাখ শিক্ষার্থী।
ভর্তির যোগ্যতার বিষয়ে তিনি বলেন, কোন বিশ্ববিদ্যালয় কী ধরনের মানদণ্ড অনুসরণ করে শিক্ষার্থী ভর্তি করবে, সেটি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্ত। তবে পাস করা সব শিক্ষার্থীরই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ থাকবে। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।


প্রকাশিত: November 1, 2026 | সময়: 6:54 am | সুমন শেখ