আগুনে পুড়ল বিধবার ঘর রইল পরনের কাপড়

আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে এক বিধবা নারীর বসতঘর সহ ঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের উত্তর নওতা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই নারীর নাম নুরজাহান আক্তার খুকি (৫৫)। তিনি ওই গ্রামের মৃত রমজানের স্ত্রী। দুই ছেলে ঢাকায় থাকায় বাড়িতে একাই বসবাস করতেন তিনি।
¯’ানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়িঘর ঝাড়ু দিয়ে বাইরে যান নুরজাহান। এ সময় তাঁর বাড়িতে কেউ ছিলেন না। পরে বাড়ি ফিরে দেখেন, ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে মাটির প্রলেপ দেওয়া বেড়ার দুটি কক্ষের ঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, আগুনে ঘরের খাট, বিছানা, চাদর, বালিশসহ সব আসবাবপত্র পুড়ে গেছে। বসবাসের শেষ আশ্রয়টুকুও হারিয়ে অসহায় হয়ে পড়েছেন নুরজাহান। ঘরের পোড়া অবশিষ্টাংশের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
আর্তনাদ করতে করতে নুরজাহান আক্তার খুকি বলেন, আমার দুই ছেলে ঢাকায় থাকে। বাড়িতে আমি একাই থাকি। সকালে বাড়ি ঝাড়ু দিয়ে বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি, বাড়িতে আগুন জ্বলছে। আমার সবকিছু পুড়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।
প্রতিবেশী আব্দুল লতিফ বলেন, বিধবার বাড়িতে আগুন দেখতে পেয়ে আমরা গ্রামবাসী পানি দিয়ে নেভানোর চেষ্টা করি। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভানো সম্ভব হয়। ততক্ষণে ঘরের সব জিনিসপত্র পুড়ে গেছে। ধারণা করছি, ঘরের ভেতরে থাকা বিদ্যুতের মেইন সুইচে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এমনিতেই তিনি গরিব ও অসহায়। এখন বাড়িঘর হারিয়ে আরও বিপদে পড়েছেন।
¯’ানীয় ইউপি সদস্য একাব্বর হোসেন বলেন, নুরজাহান খুবই অসহায়। বাড়িতে একাই থাকতেন। আগুনে তাঁর সবকিছু পুড়ে গেছে। তাঁর পাশে দাঁড়ানো প্রয়োজন।
আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল কাদের বলেন, রায়কালীতে বিধবার বাড়িতে আগুন লাগার বিষয়ে আমাদের কাছে কোনো সংবাদ আসেনি। সংবাদ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যেত।


প্রকাশিত: October 31, 2026 | সময়: 7:05 am | সুমন শেখ

আরও খবর