, , ।
স্পোর্টস রিপোর্টারঃ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) রাজশাহী ভেন্যুর চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে নাঈম শেখের দ্বিশতক ও মহিদুল ইসলাম অংকনের শতকে রাজশাহী বিভাগের বিরুদ্ধে রানের পাহাড় গড়েছে ঢাকা বিভাগ। এদিকে রাজশাহী বিভাগ তাদের প্রথম ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। ১০৩ রান সংগ্রহ করতেই হারিয়েছে ৬ উইকেট। ফলোঅন এড়াতে লড়ছে দলটি।
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা বিভাগের বাঁহাতি উদ্বোধনী ব্যাটার নাঈম শেখ মাত্র ১৮ রানের জন্য ট্রিপুল সেঞ্চুরী থেকে বঞ্চিত হয়েছেন। তিনি ৬১৯ মিনিট ক্রিজে থেকে ৩৬৯ বল মোকাবেলা করে ৭ টি ছয় ও ২১ টি চারের সাহায্যে ২৮২ রান সংগ্রহ করেন। রাহিমকে ডিপ কাভারের উপর দিয়ে ছয় মারতে গিয়ে মেহরাবের হাতে ধরা পড়েন ব্যক্তিগত ২৮২ রানে। ঢাকা বিভাগের অধিনায়ক মহিদুল ইসলাম অংকন ২৮৯ বল খেলে ৮টি ছয় ও ১৪ টি চারের সাহায্যে ১৬৫ রানের একটি দারুন ইনিংস উপহার দেন। ঢাকা বিভাগ তাদের প্রথম ইনিংসে ৫২১ রানে অলআউট হয়।
দ্বিতীয় দিনে লাঞ্চ সেশন পর্যন্ত ঢাকার ব্যাটাররা রাজশাহী বোলারদের কোন সুযোগ দেননি। আগের দিনের ১৭১ রানে অপরাজিত ব্যাটার নাঈম সেখ ও ৮৪ রানে অপরাজিত থাকা অধিনায়ক অংকন দ্বিতীয় দিনের সকালে ব্যাটিং শুরু করেন। ঢাকা বিভাগের এ জুটি ৩৬৩ রানের পার্টনারশীপ গড়েন। নাঈম সেখ আউট হওয়ার পর ঢাকার আর কোন ব্যাটার উল্লেখযোগ্য রান সংগ্রহ করতে পারেননি।
রাজশাহীর বোলারদের মধ্যে ওয়াসি ২৮ ওভারে ১১২ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। এছাড়া পায়েল ৭৪ রানে ২টি ও রাহিম ৪০ রানে ২টি উইকেট দখল করেন। সানজামুল ও অহিন ১টি করে উইকেট নেন।
রাজশাহী বিভাগ শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দিন শেষে রাজশাহী বিভাগের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে মাত্র ১০৩ রান। শুরুতেই ঢাকার পেস বোলার সুমনের দুর্র্ধষ স্পেলে মাত্র ১০ রানে রাজশাহীর টপ অর্ডারের তিন ব্যাটার হাবিবুর রহমান সোহান ২, সাব্বির হোসেন ২ ও অধিনায়ক প্রীতম কুমার ব্যক্তিগত ৪ রানে সাজঘরে ফিরে যান। নাঈম আহমেদ ও সাব্বির রহমান ৮০ রানের একটি জুটি গড়েন। কিন্তু বরিশালের বিরুদ্ধে ২০২ রানে অপরাজিত থাকা নাঈম আহমেদ ব্যক্তিগত ৩০ রানে আউট হলে রাজশাহী আবারো বিপর্যয়ের মুখে পড়ে। সাব্বির রহমান করেন ৫৪ রান। রাজশাহী এখন ফলোঅন এড়াতে লড়ছে। ২৬৯ রান করলে রাজশাহী ফলোঅন এড়াতে পারবে। ঢাকা বিভাগের সুমন ২৫ রানে ৩ টি ও তাইবুর ৫ রানে ২ উইকেট দখল করেন। আমিনুল ৭ রানে লাভ করেন ১টি উইকেট।