ভোলাহাটে সড়কে ডাকাতির ঘটনায় তিনজন আহত, মোটরসাইকেল লুট

ভোলাহাট প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাতির ঘটনায় তিন কলেজশিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় ডাকাত দল একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভোলাহাট-শিবগঞ্জ সড়কের খালেআলমপুর ধুমবালু সংলগ্ন ইটভাটায় যাওয়ার রাস্তার প্রথমে কালভার্টের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চার কলেজশিক্ষার্থী দুটি মোটরসাইকেলে করে রাতে ঘুরতে বের হন। তারা ভোলাহাট মেডিকেল মোড় থেকে শিবগঞ্জের দিকে যাওয়ার সময় ধুমবালু সংলগ্ন ইটভাটার রাস্তার কালভার্টের কাছে পৌঁছালে দেশীয় অস্ত্র হাতে ৩-৪ জনের একটি ডাকাত দল তাদের গতিরোধ করে। এ সময় ডাকাত দলের সদস্যরা হাসুয়া দিয়ে কোপ দিলে তিনজন আহত হন।
আহতরা হলেন, ঝাউবোনা গ্রামের বাবুর ছেলে হাবিব (২০), কলেজ মোড় এলাকার মুঞ্জুরের ছেলে রোহান (১৮) এবং কাশিমপুর গ্রামের হাসিব (১৮)।
আহত অবস্থায় হাবিব মোটরসাইকেল ফেলে ফলিমারি এলাকায় দায়িত্ব পালনরত পুলিশের কাছে গিয়ে সহযোগিতা চান। পরে পুলিশ আহত তিনজনকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক হাবিবের মাথায় গুরুতর আঘাতের কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করেন। ডাকাতির এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া অব্যাহত আছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য তদন্ত চলছে।


প্রকাশিত: October 24, 2026 | সময়: 5:59 am | সুমন শেখ