সর্বশেষ সংবাদ :

আফগানিস্তানের বিপক্ষে সুপার ওভারে জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে নায়ক হয়েছিলেন রুবায় ইসলাম রিজন। গতকাল ওমানের আল আমিরাতে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় যুব ওয়ানডেতেও আলো ছড়ালেন এই অলরাউন্ডার। ব্যাট ও বল হাতে তাঁর অবিশ্বাস্য পারফরম্যান্সে সুপার ওভারে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
টসে জিতে আগে ব্যাট করে নোমান সালারজাইয়ের ৭৬ ও ফরিদউল্লাহর ৫১ রানে ভর করে ৯ উইকেটে ৩০৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় আফগানরা। পেসার রিজন একাই নেন ৪ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে আব্দুল্লাহ আল মুহি (৫০), আল-আমিন হোসেন রনি (৭১) ও আহসান আল মুমিনের (৫৬) ফিফটিতে ভর করে জয়ের পথেই ছিল বাংলাদেশ। কিন্তু মাঝে দ্রুত উইকেট হারিয়ে ফেলে যুবারা। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৫ রান। ব্যাট হাতে ত্রাণকর্তা হয়ে ওঠেন রিজন। আমির হামজার শেষ ওভারে চার ও ছক্কায় ১৪ রান তুলে ম্যাচ টাই করেন তিনি; অপরাজিত থাকেন ১৯ বলে ৩৩ রানে। ৫০ ওভারে বাংলাদেশ থামে ৩০৪/৮ রানে।
এরপর নাটকীয় সুপার ওভারে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ১০ রান। জবাবে বল হাতে এসে আফগান ব্যাটারদের মাত্র ৩ রানে আটকে দেন রিজন, নিশ্চিত করেন এক রুদ্ধশ্বাস জয়। আগামী বুধবার সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।


প্রকাশিত: October 21, 2026 | সময়: 4:39 am | সুমন শেখ

আরও খবর