সর্বশেষ সংবাদ :

সিংড়ায় দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

সৌরভ সোহরাব,সিংড়া প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে পৌর শহরের দমদমা দত্তপাড়া দুর্গামন্দির কমিটির উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয় এবং বিতরণ করা হয় প্রায় ৫ লাখ টাকার ওষুধ।

ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শান্তনু কুমার সাহার সার্বিক ব্যবস্থাপনায় ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. বর্ণালী তালুকদার, ডা. রাজেশ কুমার, ডা. ইতি রানী, ডা. রওশনারা প্রমুখ।

উদ্যোক্তা ডা. শান্তনু কুমার সাহা বলেন, প্রতিবছর শারদীয় দুর্গাপূজার নবমী তিথিতে এ আয়োজনের মাধ্যমে অসহায় ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। গত ১৮ বছর ধরে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

তিনি আরও বলেন, চিকিৎসাসেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সে উদ্দেশ্যেই প্রতিবছর এ আয়োজন করা হয়।

সানশাইন /শাহজাদা


প্রকাশিত: October 20, 2026 | সময়: 6:58 pm | Daily Sunshine