সর্বশেষ সংবাদ :

বাংলাদেশ ফুটবল লিগে জয়ের ধারায় আবাহনী

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ফুটবল লিগে টানা তিন জয়ের পর পয়েন্ট হারালো পুলিশ এফসি। শিরোপার লক্ষ্যে দল গড়া পুলিশকে আটকে দিয়ে লিগে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ।
শনিবার গাজীপুরে দুই দলের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে ড্রয়ে। অন্যদিকে, ময়মনসিংহে চট্টগ্রাম সিটি এফসিকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারা ধরে রেখেছে আবাহনী লিমিটেড। লিগে পিডব্লিউডির বিপক্ষে ড্র দিয়ে অভিযান শুরু করা আবাহনী দ্বিতীয় ম্যাচে হারিয়েছিল ওয়ান্ডারার্সকে। এবার চট্টগ্রাম সিটির বিপক্ষে দাপুটে জয়ে তিন ম্যাচে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ পয়েন্টে।
পুলিশ ও আরামবাগের ম্যাচের দুই গোলই হয়েছে প্রথমার্ধে। ৩০ মিনিটে রাব্বি হোসেন রাহুলের গোলে এগিয়ে যায় পুলিশ। বিরতির ঠিক আগে আরামবাগের সামর জয়ের গোলে সমতায় ফেরে দলটি। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে পুলিশ এফসি।
এদিকে, নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আবাহনী। ম্যাচের ষষ্ঠ মিনিটে মিচেলের গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে ওকাচির গোলে ব্যবধান দ্বিগুণ করে বিরতিতে যায় বর্তমান রানার্সআপরা। ৫৫ মিনিটে আল-আমিনের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আবাহনী। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রাফায়েলের গোলে ব্যবধান কমায় চট্টগ্রাম সিটি এফসি। তবে তাতে হার এড়ানো সম্ভব হয়নি তাদের। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে আবাহনী। চার ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া চট্টগ্রাম সিটি এফসি রয়েছে সবার নিচে। শনিবারের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির লড়াই শেষ হয়েছে ২-২ গোলে। রহমতগঞ্জের হয়ে গোল করেন লিম্বু ও সাজ্জাদ। ব্রাদার্সের হয়ে গোল করেন জামাল ও আলি রাজা। চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে রয়েছে ব্রাদার্স। অন্যদিকে, তিন পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ রয়েছে টেবিলের সপ্তম স্থানে।


প্রকাশিত: October 18, 2026 | সময়: 4:21 am | সুমন শেখ