রাজশাহীর দুর্গাপুরে এসএসসি ও দাখিল পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী ৯২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সংগীতের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে পৃথক দুটি ব্যানারে একই সঙ্গে অনুষ্ঠান দুটি অনুষ্ঠিত হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯২ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। পাশাপাশি নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার ৫৫টি ইভেন্টে বিজয়ী ১৬৩ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দুটি সমন্বিত আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাগত সাফল্যের পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিভা বিকাশে উৎসাহিত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও মননের বিকাশ ঘটানোর পাশাপাশি নৈতিক শিক্ষা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষার যথাযথ স্বীকৃতির পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চার সুযোগ তৈরি করা প্রয়োজন, যা তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখতে সাহায্য করবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম, জেলা বিএনপির সদস্য মোঃ সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আকবর আলী বাবলু, মোঃ আশরাফুল কবির বুলু, মোঃ গোলাম সাকলায়েন, মোঃ রুস্তম আলী মোল্লা, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ কামরুজ্জামান আয়নাল, সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সদস্য মোঃ আজাদ রেজাউল করিম, জার্জিস হোসেন সোহেল, গোলাম মর্তুজা, জিয়াউল হক রতন, মোঃ রবিউল ইসলাম খান রবিন ও আবু বক্কর সিদ্দিক।
এ ছাড়া দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল আজিজ মন্ডল, মোঃ বজলুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লাল্টু, সদস্যসচিব মোঃ রেজাউল করিম স্বপন, সদস্য আখতারুজ্জামান লাভলু, কাঠালবাড়িয়া আবুল কাশেম স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোঃ মাহবুর রহমান, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মেহেদী হাসান মিলন, হাটকানপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ বাবলু সরকার, ৪ নম্বর দেলুয়াবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আজাদ আলী সরদার এবং বিএনপি নেতা মোঃ শহিদুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের এ আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন।