সর্বশেষ সংবাদ :

বসন্তকেদার বাজারে সার ডিলার নিয়োগে ভোগান্তি কমেছে কৃষকদের

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বসন্তকেদার বাজারে নতুন সার ডিলার নিয়োগ দেওয়ায় স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। সরকার এন্ড সন্সের স্বত্বাধিকারী শামীম রেজা সরকারকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে সার প্রাপ্তি সহজ হবে এবং দীর্ঘদিনের সারসংকট ও ভোগান্তি কমবে বলে আশা করছেন স্থানীয় কৃষকেরা।
জানা যায়, শামীম রেজা সরকার দীর্ঘদিন ধরে কৃষিকাজ ও কৃষিপণ্যের ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ১৯৯২-৯৩ সালে মৌগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তৎকালীন সময় বিএনপি রাজনীতি করার কারণে মামলার আসামি হয়েছিলেন তিনি। তাঁর বড় ভাই নুরুল ইসলাম ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় কৃষক আকবর আলী, মেরাজুল খন্দকার, আফসার আলী ও ইউসুফ আলী জানান, আগে সরকার নির্ধারিত মূল্যে সার কিনতে তাদের মৌগাছি বাজার, মৌপাড়া বাজারসহ দূরবর্তী বিভিন্ন বাজারে যেতে হতো। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক সময় সার না পেয়ে খালি হাতে ফিরতে হতো। দূর থেকে সার পরিবহন করতে অতিরিক্ত ভাড়াও গুনতে হতো। এখন বসন্তকেদার বাজারে সার পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় তাঁদের ভোগান্তি কমবে বলে আশা করছেন তারা। আর শামীম রেজা সরকার অত্যন্ত ভালো মানুষ হওয়ায়, আমরা সরকারের নির্ধারিত মূল্যে সার কিনতে পারবো বলে বিশ্বাস করি।
মোহনপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন বলেন, বসন্তকেদার বাজারে শামীম রেজা সরকারকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার খবর শুনে স্থানীয় মানুষ ও কৃষকেরা খুশি হয়েছেন। তিনি অত্যন্ত নম্র ভদ্র ও ভালো মনের মানুষ, তিনি দীর্ঘ সময় থেকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। আগে বসন্তকেদার, নন্দনহাট, চুনিয়াপাড়া, বেড়াবাড়ি, খয়রা ও চাঁদপুর এলাকার কৃষকদের সার কিনতে দূরে যেতে হতো। এখন স্থানীয় বাজারে সার পাওয়া গেলে তাঁদের কষ্ট অনেকটাই কমবে। আমরা আশা করি, তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার বিক্রি করবেন।
মৌগাছি ইউনিয়ন কৃষক দলের সভাপতি খন্দকার জিল্লুর রহমান ওরফে মিঠু বলেন, মৌগাছি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর এলাকার কৃষকদের সার কিনতে দূরের বাজারে যেতে হতো। তাঁদের সার সংগ্রহের ব্যবস্থা করতে আমাকেও বিভিন্ন বাজারে যেতে হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে বসন্তকেদার এলাকায় একটি সার ডিলারের প্রত্যাশা করছিলাম। নতুন ডিলার নিয়োগের মাধ্যমে সেই প্রত্যাশা পূরণ হয়েছে। এখন এলাকার কৃষকেরা বাড়ির কাছের বাজার থেকেই সার কিনতে পারবেন বলে আশা করছি।
এ বিষয়ে সরকার এন্ড সন্সের স্বত্বাধিকারী শামীম রেজা সরকার বলেন, মৌগাছি ইউনিয়ন একটি বড় এলাকা। এর মধ্যে বসন্তকেদার বাজার কৃষিপণ্য কেনাবেচার জন্য গুরুত্বপূর্ণ। আমি দীর্ঘদিন ধরে কৃষিকাজ ও কৃষিপণ্যের ব্যবসার সঙ্গে জড়িত। এ কারণে বসন্তকেদার বাজারে সার ডিলার হওয়ার জন্য আবেদন করেছিলাম। জেলা সার ও বীজ মনিটরিং কমিটি যাচাই-বাছাই করে আমাকে ডিলার হিসেবে নিয়োগ দিয়েছে। আমি সরকারের নিয়মনীতি মেনে সুষম বণ্টন নিশ্চিত করে ন্যায্যমূল্যে সার বিক্রি করতে চাই। আমার কারণে যেন কারও আস্থার ক্ষতি না হয়, সেদিকেও খেয়াল রাখবো। আশা করি, আমার মাধ্যমে এলাকার কৃষকেরা উপকৃত হবেন।


প্রকাশিত: October 16, 2026 | সময়: 3:35 am | সুমন শেখ