, , ।
আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে আবাসনের পুকুরে ডুবে মুজাহিদ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের রোয়ার আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুজাহিদ ওই গ্রামের মিঠু মিয়ার ছেলে। তার বাবা-মা গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় চাকরি করেন। এ কারণে শিশু মুজাহিদ দাদা-দাদির কাছে থাকতো।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পরিবারের সবার অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের আবাসনের পুকুরে পড়ে যায় মুজাহিদ। পরে স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুজাহিদের চাচা আশরাফ আলী বলেন, বিকেলে বাড়ির পাশে খেলছিল মুজাহিদ। খেলতে খেলতে কখন পুকুরে পড়ে গেছে, তা কেউ দেখতে পায়নি। পরে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ বলেন, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, শিশুটি খেলতে গিয়ে আবাসনের পুকুরে পড়ে ডুবে মারা গেছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।