, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় মোট ১০৪টি মামলা হয়েছে। এর মধ্যে দুটি খুন, দুটি চুরি, তিনটি নারী ও শিশু নির্যাতন এবং অন্যান্য অপরাধে ৯৭টি মামলা রয়েছে। একই সময়ে সাতটি অপমৃত্যুর ঘটনাও রেকর্ড করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন অপরাধ ও প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবে ১৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পরোয়ানাভুক্ত ৯৮ জন, সাজাপ্রাপ্ত ১০ জন, তদন্তাধীন মামলার ৮৫ জন এবং অন্যান্য (প্রতিরোধমূলক) মামলায় ১৫ জন আসামি রয়েছেন। এছাড়া মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে আরও ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরাধ দমনে পরিচালিত অভিযানে দুটি বার্মিজ চাকু এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৩৭ গ্রাম হেরোইন, ৩৫১ পিস ইয়াবা, ২১৫ পিস টাফেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ১৯৫ গ্রাম গাঁজা এবং ৩০ লিটার চোলাই মদ।
রাজশাহী রেঞ্জ পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের গ্রেফতারে গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন এলাকায় মোট ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় পুলিশি সেবা নিতে ১ হাজার ৩৬ জন সেবাগ্রহীতা বিভিন্ন থানায় ও পুলিশি দপ্তরে সেবা নিয়েছেন। চলতি মাসে এ পর্যন্ত মোট ৩ হাজার ১৭২ জন সেবাগ্রহীতা পুলিশি সেবা গ্রহণ করেছেন।