সর্বশেষ সংবাদ :

মোহামেডান-আরামবাগ ম্যাচ একদিন পিছিয়ে শনিবার মুন্সীগঞ্জে

স্পোর্টস ডেস্ক: হোম ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার আরামবাগের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি খেলতে পারবে না মোহামেডান—এটি আগেই নিশ্চিত হয়েছিল। একই সঙ্গে পেশাদার ফুটবলে জনপ্রিয় হয়ে ওঠা এই স্টেডিয়ামে চলতি মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগের খেলা আদৌ হবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা বাফুফেকে এ মৌসুমে স্টেডিয়ামটিকে লিগের ভেন্যু না করার দাবি জানিয়েছে।
আপাতত মোহামেডান ও আরামবাগের ম্যাচটি একদিন পিছিয়ে শনিবার মুন্সীগঞ্জে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। ফিকশ্চার অনুযায়ী শনিবার মুন্সীগঞ্জে অন্য কোনো ম্যাচ না থাকায় সেখানে মোহামেডান-আরামবাগ ম্যাচটি আয়োজন করা হচ্ছে। তবে কুমিল্লায় লিগের ভেন্যু না থাকলে মোহামেডান ও আবাহনী চলতি মৌসুমে বিকল্প হিসেবে কোন স্টেডিয়াম বেছে নেবে, সেটিই এখন দেখার বিষয়। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম গত মৌসুমে দুই ঐতিহ্যবাহী দলের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এর ব্যবহার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক (ক্রীড়া) মোস্তাকুর রহমান বলেছেন, ‘আপাতত পরের ম্যাচটি মুন্সীগঞ্জে খেলি। হোম ভেন্যুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি।’


প্রকাশিত: October 9, 2026 | সময়: 6:12 am | সুমন শেখ