সর্বশেষ সংবাদ :

পলিথিনের নিচে বসবাস করা বাবা ছেলে পেলেন মাথা গোঁজার ঠাঁই

বড়াইগ্রাম প্রতিনিধি: অবশেষে মাথা গোঁজার ঠাঁই খুঁজে পেলেন নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের মানইর গ্রামের পলিথিনের নীচে বসবাস করা বৃদ্ধ কফিল প্রামানিক (৭০) ও তার অন্ধ ছেলে আসমত প্রামাণিক (৫২)।
শুক্রবার বিকালে সংসদ সদস্য আব্দুল আজিজ তাদের কাছে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের জীবনের দুর্দশা নিয়ে সচিত্র সংবাদ প্রকাশের পর ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মোট এক লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে তাদের বসবাসের জন্য ঘরটি নির্মাণ করা হয়। ঘর হস্তান্তরের সময়ে প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল আজিজ তাদের পানির সমস্যা দুর করতে একটি বিদ্যুৎচালিত পাম্প দেয়ারও প্রতিশ্রুতি দেন।
চাবি হস্তান্তর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সমিতির সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. শামসউদ্দিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন, জোনাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেল, জোনাইল বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি মসলেম উদ্দিন, বড়াইগ্রাম উপজেলা সমিতির উপদেষ্টা আব্দুল কাদের ও পিকেএসএফ সহকারী মহাব্যবস্থাপক মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা ইমপালস হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার রাশিদুল ইসলাম, বড়াইগ্রাম সরকারি ্র কলেজের সহকারী অধ্যাপক শফীউল হাসান তিতু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাফিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, মানইর গ্রামের বাসিন্দা প্যারালাইজড হয়ে অচল বৃদ্ধ কফিল উদ্দিন ও তার দৃষ্টি প্রতিবন্ধী ছেলের নেই কোন বাড়ি-ঘর। তাই রাস্তার পাশেই পলিথিন টাঙ্গিয়ে কোন রকম জীবন পার করছিলেন তারা। এ ব্যাপারে বিভিন্ন সংবাদ মাধ্যমে ‘অন্ধ ছেলের ভিক্ষায় জোটে বৃদ্ধের আহার, পলিথিনের নীচে গৃহহীন বাবা-ছেলের সংগ্রাম’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এতে বিষয়টি ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতি ও উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়।
পরে তারা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে মেঝে পাকা, টিনের বেড়া ও চালসহ ১২ হাত দীর্ঘ একটি ঘর নির্মাণ করে দেন। আবাসন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি এ দুস্থ পরিবারটির দুর্দশা তুলে ধরায় সংবাদকর্মীদের এবং যারা নিজেদের অর্থায়নে তাদের মাথা গোঁজার ঠাঁই নির্মাণ করে দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান।


প্রকাশিত: October 3, 2026 | সময়: 6:35 am | সুমন শেখ