সর্বশেষ সংবাদ :

না খেলেই সেমিফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির বাধায় এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটে কোয়ার্টার-ফাইনাল ম্যাচে মাঠেই নামতে পারল না ভারত ও আফগানিস্তান। টস হওয়ার আগেই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কোনো বল না খেলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাপানের নিশিনে বেলা ১১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। শেষ পর্যন্ত টসও করা সম্ভব হয়নি। ফলে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয় ম্যাচ অফিসিয়ালরা।
এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, কোয়ার্টার-ফাইনালে ম্যাচ পরিত্যক্ত হলে বেশি সিডিং পাওয়া দলকে সেমিফাইনালে পাঠানো হয়। সেই সুবিধাই পেয়েছে ভারত। আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্ধারিত সিডিংয়ে এগিয়ে থাকায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলেই পরের ধাপে জায়গা করে নিয়েছে তারা।
এর আগে একই কারণে প্রথম কোয়ার্টার-ফাইনালেও মাঠে বল গড়ায়নি। পাকিস্তান ও হংকংয়ের ম্যাচটিও বৃষ্টির কারণে টস ছাড়াই পরিত্যক্ত হয়। বেশি সিডিংয়ের সুবাদে ওই ম্যাচ থেকে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। কোয়ার্টার-ফাইনালে সরাসরি জায়গা পাওয়া চার দল ছিল ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তাদের সিডিং নির্ধারণ করা হয়েছে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে।
সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে নেপাল ও বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের জয়ী দল। মঙ্গলবার হওয়ার কথা রয়েছে ম্যাচটি। তবে সেই ম্যাচও যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, তাহলে সিডিংয়ে এগিয়ে থাকার কারণে শ্রীলঙ্কা সেমিফাইনালে চলে যাবে। ভারতের বিপক্ষে বৃষ্টির কারণে আফগানিস্তানের এশিয়ান গেমস অভিযান শেষ হওয়া এবারই প্রথম নয়। টানা দ্বিতীয় এশিয়ান গেমসে একই প্রতিপক্ষের বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলো।
২০২৩ সালের হাংঝৌ এশিয়ান গেমসেও ভারত ও আফগানিস্তানের মধ্যকার ফাইনাল বৃষ্টির কারণে শেষ করা সম্ভব হয়নি। সেবারও বৃষ্টির কারণে ম্যাচের ফল নির্ধারণ করা যায়নি। এবার অবশ্য আরও আগেই থেমে গেল আফগানিস্তানের পথচলা। কোয়ার্টার-ফাইনালেই বৃষ্টির কাছে হার মেনে বিদায় নিতে হলো তাদের। অন্যদিকে কোনো বল না খেলেই সেমিফাইনালে উঠে গেল ভারত।


প্রকাশিত: September 29, 2026 | সময়: 7:29 am | সুমন শেখ

আরও খবর