সর্বশেষ সংবাদ :

বিছানায় ঘুমন্ত অবস্থায় রাবি শিক্ষার্থীকে বিষধর সাপের দংশন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে বিছানায় ঘুমন্ত অবস্থায় বিষধর ‘পাতি কালাচ’ সাপের দংশনে এক শিক্ষার্থী আহত হয়েছেন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনম দেওয়া হলে বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে হলের ১৩৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম নুরনবী ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জানা যায়, ভোরে কক্ষে নিজের বিছানায় ঘুমন্ত অবস্থায় ছিলেন নুরনবী। এ সময় একটি বিষধর সাপ বিছানায় উঠে তাঁর পায়ে কামড় দেয়। দংশনের পরপরই নুরনবী তা টের পেয়ে সহপাঠীদের জানান। সহপাঠীরা তাঁকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর ওই কক্ষ থেকে প্রায় তিন ফুট দীর্ঘ বিষধর পাতি কালাচ (কমন ক্রেইট) সাপটি উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী ও পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোয়ান’। বিশেষজ্ঞদের মতে, পাতি কালাচ অত্যন্ত বিষধর একটি সাপ। এর কামড়ে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা না পেলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু প্রায় নিশ্চিত। তাই এ ধরনের ঘটনায় অতিদ্রুত হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তাঁরা। সোয়ানের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ শেখ বলেন, “ভোর সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে আমরা দ্রুত হলের কক্ষে পৌঁছাই এবং ৩ ফুট লম্বা কালাচ সাপটি নিরাপদে উদ্ধার করি। কক্ষ অপরিচ্ছন্ন ও বিশৃঙ্খল অবস্থায় থাকলে এসব সাপের উপদ্রব বাড়ে। কালাচ সাধারণত উষ্ণতার খোঁজে মানুষের বিছানায় উঠে আসে এবং অজান্তে শরীরের সংস্পর্শে এলে দংশন করে।”
আহত শিক্ষার্থী বর্তমানে আশঙ্কামুক্ত আছেন জানিয়ে রামেকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শামীম আহমেদ বলেন, ‘ভোরে বিষধর সাপের কামড়ে আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে তাঁকে ‘কমন ক্রেইট’ বা পাতি কালাচ সাপ দংশন করেছে। ইতোমধ্যে তাঁকে দুই ডোজ অ্যান্টিভেনম দেওয়া হয়েছে।’ বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক এএইচএম খুরশীদ আলম বলেন, ‘হাসপাতালে নেওয়ার পর নুরনবীকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে সাধারণ বেডে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল। তবে পরিস্থিতির অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। আমরা তার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি।’


প্রকাশিত: September 28, 2026 | সময়: 6:38 am | সুমন শেখ