সর্বশেষ সংবাদ :

বাগমারার শুভডাঙ্গাবাসীর সমস্যার কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারী

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন বাগমারা আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের কথা শোনার পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও প্রয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। ইউনিয়নবাসীর উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের কাজ করারও আশ্বাস দেন তিনি।
রোববার বিকেলে শুভডাঙ্গা ইউনিয়নের মধ্য দৌলতপুর মোড়, মচমইল বাজার, শংকরপৈ মোড়, খর্দ্দকৌড় মোড়, ধামিনকৌড়, বুজরুক কৌড়, বানাইপুর, বাইগাছা, বসন্তপুর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এমপি ডা. আব্দুল বারী সরদার। গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে ডা. আব্দুল বারী সরদার বলেন, শুভডাঙ্গা ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়নে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সব ধরনের কাজ করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, রাস্তাঘাট সহ এলাকার অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে। ইউনিয়নের কোনো এলাকা যেন উন্নয়ন থেকে পিছিয়ে না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।
তিনি বলেন, সাধারণ মানুষের প্রয়োজন ও এলাকার বাস্তব সমস্যাগুলো সরেজমিনে চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
পাশাপাশি কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টিতেও গুরুত্ব দেওয়া হবে।
এমপি আরও বলেন, উন্নয়ন কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শুভডাঙ্গা ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দিতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। মানুষের সমস্যার কথা সরাসরি শুনে তা সমাধানের উদ্যোগ নেওয়াই তাঁর অন্যতম লক্ষ্য।
গণসংযোগকালে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের আমীর বাবুল হুসাইন, সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, আসন্ন বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আলমগীর হোসেন, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, শুভডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর সাহার আলী, সেক্রেটারি আমিনুল ইসলামসহ ইউনিয়ন পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


প্রকাশিত: September 28, 2026 | সময়: 6:30 am | সুমন শেখ

আরও খবর