সর্বশেষ সংবাদ :

ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত

স্টাফ রিপোর্টার: ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চন্দ্রিমা আবাসিক এলাকা এবং টিএন্ডটি কলোনী এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা, লার্ভিসাইড ও ফগার স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনকালে তিনি ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী মহানগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় রাসিক প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেছেন। তিন মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিস্কার-পরিচ্ছন্নতা, ঝোপঝাড় পরিস্কার, ড্রেনে লার্ভিসাইড স্প্রে এবং ফগার স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিন মাসব্যাপী এই কার্যক্রম ধারাবাহিকভাবে প্রতিটি ওয়ার্ডে পরিচালিত হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের একার উদ্যোগ যথেষ্ট নয়; নগরবাসীর সচেতনতা ও সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। নগরবাসীর সহযোগিতায় আমরা ডেঙ্গু মোকাবেলা করতে সম্ভব হবো ইনশাল্লাহ।
রাসিক প্রশাসক আরো বলেন, রাজশাহীকে আরো সুন্দর, সবুজ, নিরাপদ ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নগরীতে ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করছি এর বেশি বৃক্ষরোপণ করতে সক্ষম হবো। আমি নগরবাসীর প্রত্যেককে একটি করে গাছে চারা রোপণের আহ্বান জানাচ্ছি।
এদিকে নগরীর রেলগেট এলাকায় ডেঙ্গু বিষয়ে জনসচেতনতামূূলক লিফলেট বিতরণ করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খাইরুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মশক কর্মকতা (মনিটরিং) জুবায়ের হোসেন মুন, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) মুঈদুর রহমান মঈদ, ২৬ নং (পশ্চিম) বিএনপির সভাপতি মোঃ বাবু, ২৬ নং ওয়ার্ড (পূর্ব) বিএনপি’র সভাপতি মো. জামিল উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাদ আলী, মহানগর বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান শরিফ সহ থানা ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন রাজশাহী সিটি করপোরেশনে প্রশাসক মাহফুজুর রহমান রিটন। শনিবার দুপুরে নগরীর রেলগেট এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় রাসিক প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
লিফলেট বিতরণকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মশক কর্মকতা (মনিটরিং) জুবায়ের হোসেন মুন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী সিটি করপোরেশনে লিফলেটে এডিস মশার বিস্তার রোধে বাড়ির ভেতর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, কনটেইনার, টিনের কৌটা, ফ্রিজ ও এয়ার কন্ডিশনারের নিচে বা আশপাশের পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়েছে।এছাড়া দিনে ও রাতে বিশ্রাম কিংবা ঘুমানোর সময় মশারি ব্যবহারের পাশাপাশি গর্ভবতী মা, নবজাতক, শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
লিফলেটে আরও বলা হয়েছে, ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ নগর স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু পরীক্ষা করতে হবে। ডেঙ্গুতে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত পানি ও অন্যান্য তরলজাতীয় খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।


প্রকাশিত: September 27, 2026 | সময়: 5:14 am | সুমন শেখ

আরও খবর