সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে সভা

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথ (কৃষ্ণ) কে একটি রাজনৈতিক হত্যা মামলায় আসামি করার প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা থেকে মামলা প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা। শনিবার সকালে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সেলিম সরদার, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শহীদুল্লাহ খান, নির্বাহী সদস্য এস এম ফজলুর রহমান।
এ ছাড়াও বক্তব্য দেন সংবাদ ভুমি’র সম্পাদক খালেদ মাহমুদ সুজন, বিজয় টেলিভিশনের প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, চ্যানেল ২৪-এর প্রতিনিধি শাহীন রহমান, সময় টেলিভিশনের প্রতিনিধি সবুজ মোল্লা, স্টার নিউজের প্রতিনিধি শামসুল আলম, এস এ টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, ডিবিসি নিউজের প্রতিনিধি পার্থ হাসান, এখন টিভির প্রতিনিধি মাসুদ রানা, চ্যানেল এস-এর প্রতিনিধি দেওয়ান সবুজ, আরটিভির প্রতিনিধি বায়েজীদ বোস্তামি, চ্যানেল ওয়ানের প্রতিনিধি ইয়াছিন আলী শেখ, দেশ টিভির প্রতিনিধি পলাশ হোসাইন ও এশিয়া পোস্টের প্রতিনিধি রাকিব হাসনাত।
বক্তারা বলেন, দৈনিক স্বতঃকণ্ঠের স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক সমকোণের বার্তা সম্পাদক ও দৈনিক সংবাদ সারাবেলার ঈশ্বরদী প্রতিনিধি সৌরভ কুমার দেবনাথ কৃষ্ণকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হত্যা মামলায় জড়ানো হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন তাঁরা। একজন সাংবাদিককে হয়রানি করে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত করার কোনো প্রচেষ্টা মেনে নেওয়া হবে না। তাঁরা আরও বলেন, কোনো সাংবাদিক অপরাধে জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তা প্রমাণিত হবে। তবে নিরপরাধ কাউকে হয়রানি করা হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান তাঁরা।
প্রতিবাদ সভা থেকে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথ কৃষ্ণের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তারা মামলা প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে পরবর্তী সময়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় ঈশ্বরদীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত; গত ২ সেপ্টেম্বর ভোরে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে মেহেদী হাসান (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লালপুর এলাকায় তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। সে সময় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন নিহত মেহেদী হাসানের বাবা আনিছুর রহমান। ঘটনার ১৮ দিন পর গত ২০ সেপ্টেম্বর নিহত মেহেদী হাসানের বাবা আনিছুর রহমান বাদী হয়ে পাবনা জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী-২ আদালতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথসহ মোট ১২ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেন।


প্রকাশিত: September 27, 2026 | সময়: 4:50 am | সুমন শেখ

আরও খবর