সর্বশেষ সংবাদ :

সাংবাদিকদের সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মৃত্যুদণ্ডপ্রাপ্ত সভানেত্রী ভারত থেকে যে হুঙ্কার দিচ্ছেন, তাতে তারা বিচলিত নন। তারা চান শেখ হাসিনা দেশে ফিরে আসুক। বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে রাজশাহী জেলা এনসিপির এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ইমরান ইমন বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্ন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছিল। আমরা ওনাকে চাই, উনি বাংলাদেশে ফিরে আসুক। তিনি যে হুঙ্কার দিচ্ছেন, আমরা এতে বিচলিত নই। বরং আমরা চাই উনি দেশে ফিরে আসুক। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে ওনার (শেখ হাসিনা) বিচার নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে ওনার ফাঁসির ঘোষণা হয়েছে, এটার বাস্তবায়ন দেখতে চাই আমরা। আমাদের পক্ষ থেকে খুবই স্পষ্ট ম্যাসেজ- স্বৈরাচারের যেসব দোসর বিদেশে পালিয়ে আছে, আমরা প্রত্যেককে ফেরত পেতে চাই। ফিরিয়ে এনে তাদের পূর্ববর্তী অপরাধের বিচার নিশ্চিত করা হবে।
তবে আওয়ামী লীগের যেসব কর্মী ও সমর্থক নিরপরাধ তারা এনসিপিতে যোগ দিতে পারবেন বলেও জানান ইমরান ইমন। তিনি বলেন, ‘আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা করেছেন- আওয়ামী লীগের যারা নিরাপরাধ আছেন, জুলাইয়ে আমাদের পক্ষে ছিলেন, ছাত্রলীগের অনেকে জুলাইয়ে আমাদের আন্দোলনের পক্ষে ছিলেন, আওয়ামী লীগের এই অংশটা চাইলে এনসিপিতে যোগ দিতে পারবেন। তাদেরকে আমরা দলে নিতে চাই।’ এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান ইমন। জেলা এনসিপির আহ্বায়ক এম এ সবুরের সভাপতিত্বে ও সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজুর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনিউর রহমান। সভায় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: September 24, 2026 | সময়: 3:12 am | সুমন শেখ