সর্বশেষ সংবাদ :

আক্কেলপুরে সোনালী ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন

আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে সোনালী ব্যাংক পিএলসির অধীনে ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) বুথ উদ্বোধন করা হয়েছে। নতুন এ বুথে গ্রাহকেরা টাকা জমা ও উত্তোলনের পাশাপাশি এটিএমের মাধ্যমে বিভিন্ন স্বয়ংক্রিয় ব্যাংকিং সুবিধা পাবেন।
বুধবার ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় আক্কেলপুর শাখা ভবনের সামনে সিআরএম বুথটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি’র জয়পুরহাট প্রিন্সিপাল অফিসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ শরিফুল আলম।
বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট প্রিন্সিপাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার গোলাম মামুনুর রশীদ, মো. মাহবুব আলম জিলানী ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি আক্কেলপুর শাখার ব্যবস্থাপক জার্জিস আলম।
ব্যাংক সংশ্লিষ্টরা জানান, সিআরএম মেশিনে গ্রাহকেরা স্বয়ংক্রিয়ভাবে নগদ টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। পাশাপাশি বুথে এটিএম সেবার মাধ্যমে কার্ড ব্যবহার করে টাকা উত্তোলনসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।
প্রধান অতিথি মোহাম্মদ শরিফুল আলম বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা গ্রাহকদের আরও কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ সিআরএম বুথ চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকেরা সহজে টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি ব্যাংকের কাউন্টারে গ্রাহকদের চাপও কমবে।
তিনি বলেন, সোনালী ব্যাংকের সেবার মানোন্নয়নে প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হচ্ছে। গ্রাহকদের নিরাপদ, সহজ ও দ্রুত ব্যাংকিং সেবা দেওয়াই ব্যাংকের লক্ষ্য।


প্রকাশিত: September 24, 2026 | সময়: 3:07 am | সুমন শেখ

আরও খবর