সর্বশেষ সংবাদ :

নাগরিক সেবা ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিতে নওহাটার মাস্টার প্ল্যানের আলোচনা

স্টাফ রিপোর্টার: নাগরিক সেবার মানোন্নয়ন ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে পবা উপজেলার নওহাটা পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন নিয়ে তৃতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপি নওহাটা পৌরসভার সভাকক্ষে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইবনুল আবেদীন।
তিনি বলেন, “নওহাটা পৌরসভার ভবিষ্যৎ উন্নয়নকে পরিকল্পিত ও টেকসই করতে একটি সমন্বিত মাস্টার প্ল্যান প্রয়োজন। এ পরিকল্পনায় পৌরবাসীর বর্তমান সমস্যা, নাগরিক চাহিদা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হবে। পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক যোগাযোগসহ নাগরিক সেবার বিষয়গুলো পরিকল্পনায় যথাযথভাবে অন্তর্ভুক্ত করার চেষ্টা থাকবে। স্থানীয় মানুষের মতামত নিয়ে মাস্টার প্ল্যান প্রণয়ন করা হলে এর বাস্তবায়ন আরও কার্যকর ও জনবান্ধব হবে।” তিনি পৌরসভার নিজস্ব জমি না থাকায় প্রকল্প বাস্তবায়নের জন্য ভূমি অধিগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভায় মাস্টার প্ল্যানের বিভিন্ন দিক তুলে ধরেন প্রকল্পের ডেপুটি টিম লিডার সামাউল আল নূর। তিনি নওহাটা পৌর এলাকার বর্তমান অবস্থা, উন্নয়নের প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের মতামত নেন। সভাটি পরিচালনা ও সার্বিক সমন্বয় করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান।
উপস্থিত ছিলেন প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর এসএম আবদুল্লাহ আল মামুন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, সহকারী প্রকৌশলী আব্দুর রহিম ও তৌফিক হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, বিএনপির নেতা শরিফুর রহমান শরীফ, মামুনুর সরকার জেডসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক ও ফ্রান্সের উন্নয়ন সংস্থা। সভায় পাওয়া মতামত ও পরামর্শ মাস্টার প্ল্যান প্রণয়নে বিবেচনা করা হবে।
আলোচনায় পৌর এলাকার পানি নিষ্কাশনব্যবস্থার দুর্বলতা, যানজট ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার বিষয়গুলো গুরুত্ব পায়। স্থানীয় পেশাজীবী ও নাগরিকেরা বলেন, নওহাটায় জনসংখ্যা ও নাগরিক চাহিদা বাড়ছে। তাই বিচ্ছিন্নভাবে অবকাঠামো নির্মাণের পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম নেওয়া প্রয়োজন। তাঁরা আরও বলেন, মাস্টার প্ল্যান তৈরির সময় স্থানীয় মানুষের বাস্তব সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিলে পরিকল্পনাটি কার্যকর হবে। এতে উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার নির্ধারণ সহজ হবে এবং ভবিষ্যতে অপরিকল্পিত নগরায়ণের চাপ কমানো সম্ভব হবে। সভায় বক্তারা আশা প্রকাশ করেন, মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে নওহাটা পৌরসভার উন্নয়ন কার্যক্রম একটি সমন্বিত কাঠামোর মধ্যে আসবে। এর ফলে নাগরিক সেবার মান বাড়ানোর পাশাপাশি পৌরসভার প্রশাসনিক কার্যক্রমেও গতি আসবে।
পৌর এলাকার পানি নিষ্কাশন, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নসহ ভবিষ্যৎ নগর ব্যবস্থাপনা নিয়ে সভায় মতামত দেন স্থানীয় পেশাজীবী, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকেরা।


প্রকাশিত: September 24, 2026 | সময়: 3:07 am | সুমন শেখ

আরও খবর