সর্বশেষ সংবাদ :

বিভিন্ন মহলের শোক: রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
সাইদুর রহমান অবিবাহিত ছিলেন। সাত ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। তাঁর জন্ম রাজশাহী নগরের পাঠানপাড়ায়। তিনি সাবেক গভর্নর ও আইনজীবী আতাউর রহমান এবং ভাষাসৈনিক মনোয়ারা রহমানের ছেলে। তাঁর নানা ছিলেন রাজশাহীর প্রখ্যাত আইনজীবী ও শিক্ষানুরাগী মাদার বখশ।
আশির দশকে দৈনিক করতোয়ায় কাজের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন সাইদুর রহমান। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক ভোরের কাগজে কর্মরত ছিলেন। রাজশাহীর বিভিন্ন সমস্যা, সংকট ও জনস্বার্থের বিষয় নিয়ে দীর্ঘদিন লেখালেখি ও সংগ্রাম করেছেন তিনি।
সাইদুর রহমান রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি পাস করেন। পরে রাজশাহী কলেজে পড়াশোনা করেন। উচ্চশিক্ষার জন্য তিনি রাশিয়ার মস্কো যান এবং সেখানে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
সাইদুর রহমানের ছোট বোন আফরোজী রহমান খেলনা এসব তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে তাঁর ভাইয়ের মরদেহ বাড়িতে রাখা হয়েছে।
সাইদুর রহমান ছিলেন রাজশাহীর একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক ও সামাজিক পরিবারের উত্তরসূরি। তাঁর নানা মাদার বখশ ছিলেন প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিক। রাজশাহীতে উচ্চশিক্ষার প্রসারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়ও তিনি অন্যতম ভূমিকা রাখেন।
সাইদুর রহমানের বাবা আতাউর রহমানও রাজশাহীর রাজনৈতিক ইতিহাসে আলোচিত ব্যক্তি ছিলেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় তিনি নির্বাচিত হন। তাঁর মা ভাষাসৈনিক মনোয়ারা রহমান সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে যুক্ত ছিলেন।
পারিবারিক ঐতিহ্যকে শুধু স্মৃতিতে ধরে রাখেননি সাইদুর রহমান। জনকল্যাণের সেই ধারাকে নিজের জীবনেও এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। রাজশাহীর বিভিন্ন সমস্যা, সংকট ও জনস্বার্থের বিষয়ে তিনি দীর্ঘদিন সোচ্চার ছিলেন।
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, রাজশাহীর সব নৈতিক আন্দোলনে সাইদুর রহমান সক্রিয় ছিলেন। দীর্ঘদিন তিনি রাজশাহীর সমস্যা ও সংকটসহ নানা বিষয়ে লিখেছেন। তাঁর মৃত্যুতে রাজশাহীবাসীর অপূরণীয় ক্ষতি হয়েছে।
গোলাম মোস্তফা মামুন আরও বলেন, সোমবার দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সাইদুর রহমানের মরদেহ রাজশাহী প্রেসক্লাবের সামনে রাখা হয়। সেখানে সাংবাদিক, সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানান।
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মরহুম সাইদুর রহমানের জানাযা নামাজ সোমবার বাদ আসর হযরত শাহ মখদুম রূপোস (রহ.) দরগা মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে রাসিক প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। জানাযা নামাজে মরহুমের পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
রাসিক প্রশাসকের শোক: পাঠানপাড়া নিবাসী ও রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এক শোক বার্তায় রাসিক প্রশাসক মরহুম সাইদুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় রাসিক প্রশাসক বলেন, “রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো। তাঁর মৃত্যুতে রাজশাহীর সাংবাদিকতা অঙ্গন একজন অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ সাংবাদিককে হারালো। তাঁর দীর্ঘদিনের কর্মময় জীবন ও সাংবাদিকতায় অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
জেলা পরিষদের প্রশাসকের শোক: পাঠানপাড়া নিবাসী, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্মময় জীবন ও সাংবাদিকতায় অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তিনি মহান আল্লাহর কাছে মরহুমের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে সহ্য করার তাওফিক কামনা করেন।
দৈনিক সানশাইন: তার মৃত্যুতে শোক জানিয়েছেন সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, মহা ব্যবস্থাপক নূরুল হকসহ সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। শোকবার্তায় তারা রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
রাজশাহী এডিটরস ফোরামের শোক: ভাষাসৈনিক আতাউর রহমানের পুত্র এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাদার বখ্শের নাতি, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো। তাঁর মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক অঙ্গন একজন অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ সাংবাদিককে হারালো। তাঁর দীর্ঘদিনের কর্মময় জীবন ও সাংবাদিকতায় অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন।
সাইদুর রহমান রাজশাহীর সাংবাদিকতায় দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। তিনি দীর্ঘ সময় রাজশাহী প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি রাজশাহীর সামাজিক ও পেশাজীবী অঙ্গনেও পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী এডটিরস ফোরামের সভাপতি লিয়াকত আলী, সম্পাদক, দৈনিক সোনালী সংবাদ, সহ সভাপতি আফজাল হোসেন, সম্পাদক, আমাদের রাজশাহী, সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু, সম্পাদক, রাজশাহী সংবাদ, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সম্পাদক দৈনিক সানশাইন, দপ্তর সম্পাদক ইয়াকুব শিকদার, সম্পাদক, গণধ্বনি প্রতিদিন, নির্বাহী সদস্য এসএম কাদের দৈনিক বার্তা, আকবারুল হাসান মিল্লাত, সম্পাদক, দৈনিক সোনার দেশ এবং ড. মোহাম্মাদ আবু ইউসুফ সেলিম সম্পাদক, দৈনিক উপচার,এনায়েত করিম, সম্পাদক, উত্তরা প্রতিদিন,মজিবুল হক বকু সম্পাদক, দৈনিক রাজবার্তা।
এক যৌথ শোকবার্তায় তারা মরহুম সাইদুর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরইউজ: রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সদস্য প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি।
সোমবার এক শোকবার্তায় আরইউজে নেতৃবৃন্দ মরহুম সাইদুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তাঁরা বলেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্য ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর সাংবাদিকতা অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর মৃত্যুতে রাজশাহীর সাংবাদিকতা অঙ্গন একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ সাংবাদিককে হারিয়েছে। তাঁর দীর্ঘ কর্মময় জীবন ও সাংবাদিকতায় অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।সরকারি নীতি পড়ুন


প্রকাশিত: September 22, 2026 | সময়: 5:17 am | সুমন শেখ