, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি বলেছেন, দেশে একটি মহল সারের কৃত্রিম সঙ্কট সৃষ্টির চেষ্টা করছে। ফ্যাসিষ্টের নিয়োগ দেয়া ডিলাররা পালিয়ে গেছে, তারা সঠিক সময়ে সার উত্তোলন করে না, সার বিক্রি করে না। এজন্যই কৃত্রিম ক্রাইসিসটা তৈরি হয়েছে।
বিগত ১৭ বছরে দেশের অর্থনীতিকে এমন জায়গায় ঠেলে নেয়া হয়েছে, সেখান থেকে তুলে আনতে আমাদের বেগ পেতে হচ্ছে। সব কিছু পরও আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো রাখতে কাজ করে যাচ্ছি। আমরা কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছি, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে।
তিনি সোমবার রাত পৌনে আটটায় নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার ক্যাপিটেশন গ্র্যান্ডপ্রাপ্ত বেসরকারি এতিমখানা ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থায় সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল আজিজ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য ও পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, ওসি শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর সহধর্মিণী মহুয়া নুর কচি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম বক্তব্য রাখেন।
তিনি আরও বলেন, বিদ্যুতের জন্য অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল থাকতে চাই না। আমরা এমন একটি ব্যবস্থা করতে চাই, যেখানে বিদ্যুতের জন্য অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল থাকতে হবে না। তারা বিদ্যুৎ দিলে আমরা বিদ্যুৎ পাব, তারা না দিলে আমাদের বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে-এমন পরিস্থিতি চাই না। দেশে বিদ্যুৎ-গ্যাসের সঙ্কট চলছে, এ জন্য জনগণের কষ্ট হচ্ছে এটা আমরা বুঝি। তবে এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমরা নিজেরাই যেন নিজেদের বিদ্যুৎ উৎপাদন করতে পারি, সেই লক্ষ্যে সরকার কাজ করছে।