সর্বশেষ সংবাদ :

রাবিতে ‘অ্যাকাডেমিক এন্ড প্রফেশনাল রাইটিং’ শীর্ষক কর্মশালা শুরু

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজে (আইইওএল) ‘অ্যাকাডেমিক এন্ড প্রফেশনাল রাইটিং শীর্ষক তিন দিনব্যাপী এক কর্মশালা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এদিন দুপুরে আইইওএল-এ এই কর্মশালার উদ্বোধন করেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। আইইওএল-এর পরিচালক প্রফেসর মাসউদ আখতারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান।
কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাবি সিন্ডিকেট সদস্য ও আইইওএল-এর জাপানি ভাষা শিক্ষক প্রফেসর মো. রেজাউল করিম-২, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের পরিচালক প্রফেসর মোস্তফা কামাল, শিক্ষা ও গবেষণা ইস্টিটিউটের পরিচালক প্রফেসর আকতার বানু, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, কনফ্যুসিয়াস ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. আব্দুল মতিন তালুকদার, জাপানি ভাষার শিক্ষক প্রফেসর মঞ্জুলা বেগম, আইইওএল-এ নিয়োজিত বিভিন্ন বিদেশি ভাষার শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে শুধু পাঠদান ও গবেষণাই যথেষ্ট নয়। বিভিন্ন প্রয়োজনে বিশেষ করে প্রশংসাপত্র ও গবেষণা প্রস্তাব প্রণয়ন, উচ্চশিক্ষা ও প্রাসঙ্গিক প্রয়োজনে ইমেইল যোগাযোগ, গবেষণা-প্রকাশনা ও সেমিনার-সম্মেলন ইত্যাদির জন্য গবেষণাপত্র প্রণয়ন, সম্পাদনা ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপনে প্রয়োজন বিশেষ কলাকৌশল। সেক্ষেত্রে এই ধরনের কর্মশালা কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
কর্মশালার ৫টি অ্যাকাডেমিক সেশনে রাবির বিশিষ্ট রিসোর্স পারসনগণ আলোচনা করবেন। এই কর্মশালায় রাবির বিভিন্ন বিভাগের প্রভাষকগণ অংশ নিচ্ছেন। আইইওএল-এর প্রভাষক সালমা সাবা কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।


প্রকাশিত: September 16, 2026 | সময়: 4:36 am | সুমন শেখ