, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ সার মজুত রাখার অভিযোগে সোলাইমান পাটোয়ারী নামে এক সার ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁর গোডাউন থেকে ২০০ বস্তা এমওপি ও ৩০০ বস্তা টিএসপি সার মজুত অবস্থায় উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোদাগাড়ী সদর এলাকার ডাইংপাড়ায় মেসার্স কৃষি ঘরে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে গোডাউনে বিপুল পরিমাণ সার মজুত দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সোলাইমান পাটোয়ারী বিসিআইসি ও বিএডিসির সার ডিলার। সার মজুত ও বিক্রির বিষয়ে তাঁকে গত দুই মাসে তিনবার সতর্ক করা হয়েছিল। এরপরও নিয়ম না মেনে বিপুল পরিমাণ সার গোডাউনে মজুত রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় সোলাইমান পাটোয়ারীকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে ডিলারদের গুদাম ও বিক্রয়কেন্দ্রে অভিযান ও তদারকি অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি বা কৃষকদের হয়রানি করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।