সর্বশেষ সংবাদ :

গ্র্যাজুয়েটদের আইসিটি ও জাপানি ভাষার প্রশিক্ষণ দেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার: দেশ-বিদেশের শ্রমবাজারে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ১ হাজার ২০০ জন গ্র্যাজুয়েটকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং জাপানি ভাষায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ) ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিসিপের পক্ষে উপস্থিত ছিলেন- অতিরিক্ত সচিব ও নির্বাহী প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন, যুগ্মসচিব ও উপ-নির্বাহী প্রোগ্রাম পরিচালক মাইনুল হাসান; উপসচিব ও সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক ড. মো. মতিউর রহমান এবং উপসচিব ও সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক মৌরীন করিম। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন- উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা, নির্বাহী পরিচালক মো. শামিম আহসান পারভেজ, জনস্বাস্থ্য কর্মসূচির ভিজিটিং প্রফেসর ড. মো. মুনসুর আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মো. খালেদ বিন ইউসুফ। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় মেঘভিত্তিক কম্পিউটিং, উপাত্ত প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা ও যন্ত্রশিক্ষণ এবং নেটওয়ার্ক প্রশাসন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি জাপানে কর্মসংস্থানের সম্ভাবনা বিবেচনায় জাপানি ভাষা প্রশিক্ষণেরও ব্যবস্থা থাকবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন সনদ অর্জনের সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের জুলাই পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে। এতে মোট ১ হাজার ২০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে রাজশাহী কেন্দ্র থেকে ৪৫০ জন এবং ঢাকার কেন্দ্র থেকে ৭৫০ জন প্রশিক্ষণ নেবেন। অনুষ্ঠানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, রাজশাহীসহ উত্তরাঞ্চলের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে পড়াশোনা করা গ্র্যাজুয়েটদের দক্ষতা উন্নয়নের সুযোগ তুলনামূলকভাবে সীমিত। নতুন এ কর্মসূচির মাধ্যমে উত্তরাঞ্চলের গ্র্যাজুয়েটরা নিজ এলাকায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে এসে অতিরিক্ত সচিব ও নির্বাহী প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান অর্জন করলেই হবে না, কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতাও অর্জন করতে হবে। সিসিপের অন্যতম লক্ষ্য হলো শিক্ষাব্যবস্থা ও শিল্পখাতের মধ্যে থাকা দূরত্ব কমিয়ে দক্ষ ও কর্মোপযোগী জনশক্তি তৈরি করা। কর্মসূচির আওতায় প্রশিক্ষণার্থীদের দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারে প্রবেশে সহায়তার পাশাপাশি নিয়োগদাতা প্রতিষ্ঠান ও জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি জাপানসহ আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


প্রকাশিত: September 9, 2026 | সময়: 4:36 am | সুমন শেখ