, , ।
টাঙ্গাইল প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীর প্রশাসনকে কঠোর হস্তে মাদক নির্মূল করতে হবে।
শনিবার ৫ সেপ্টেম্বর বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিদ্যালয়ে আসা যাওয়ার জন্য সাইকেল প্রদান ও আয়বর্ধক কাজের জন্য সেলাইমেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের অভিভাবকরা ভাল নেই। যেখানেই মাদক কারবারী ও মাদকসেবীদের পাওয়া যাবে তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত জেলে পাঠাতে হবে। তিনি আরও বলেন, বর্তমান তারেক রহমানের সরকার মাদক থেকে তরুণ সমাজকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তরুণদেরকে কর্মমূখী করার জন্য সারাদেশেই এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এম রতন হায়দার, সহ সভাপতি লিলি সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্ষুন্দ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি সহ সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।