, , ।
স্পোর্টস রিপোর্টার: রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মোহনপুর উপজেলা ফুটবল দলের প্রতিপক্ষ হলো দুর্গাপুর উপজেলা ফুটবল দল।
বুধবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে দুর্গাপুর উপজেলা ফুটবল দল টাইব্রেকারে ৩-১ গোলের ব্যবধানে পুঠিয়া উপজেলা ফুটবল দলকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। আগামী ৫ সেপ্টেম্বর ফাইনালে দুর্গাপুর উপজেলা ফুটবল দল বর্তমান চ্যাম্পিয়ন মোহনপুর উপজেলা ফুটবল দলের মোকাবেলা করবে।
ম্যাচের শুরুতে উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলতে থাকলেও আগের রাতের ভারী বর্ষণ এবং ম্যাচ চলাকালীন সময়েও বৃষ্টিতে মাঠ ভারী ও কর্দমাক্ত থাকায় উভয় দলের খেলোয়াড়দেরকেই খেলতে যথেষ্ট বেগ পেতে হয়। বৃষ্টিতে গ্যালারিতে থাকা দর্শকদেরও ভোগান্তিতে পড়তে হয়। তবে রোদ,বৃষ্টি উপেক্ষা করেই নিজ নিজ দলকে সমর্থন দিতে স্টেডিয়ামে বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটে।
ম্যাচের প্রথমার্ধে দুর্গাপুর উপজেলা ফুটবল দল ২-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধের ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই পুঠিয়া দু’টি গোলই পরিশোধ করলে ম্যাচটি দারুণ উপভোগ্য হয়ে ওঠে। পরবর্তীতে কোনো দলই আর কোনো গোল করতে না পারায় ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। ফলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে দুর্গাপুর উপজেলা ফুটবল দল ৩-১ গোলের ব্যবধানে পুঠিয়া উপজেলা ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ম্যাচটি পরিচালনা করেন আব্দুল খালেক।