সর্বশেষ সংবাদ :

‘সার সিন্ডিকেটকে সুযোগ দেওয়া হবে না: আক্কেলপুরে প্রতিমন্ত্রী আব্দুল বারী

আক্কেলপুর প্রতিনিধি: ‎‎বৃষ্টি তখনো থামেনি। মেঘাচ্ছন্ন আকাশ থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছিল। রাস্তাঘাটেও জমে ছিল বৃষ্টির পানি। এর মধ্যেই ছাতা মাথায় নিয়ে নেতা-কর্মীদের সঙ্গে শোভাযাত্রায় হাঁটলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। বৃষ্টি উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে তাঁর অংশগ্রহণে নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাজারে সারের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট তৈরির সুযোগ দেওয়া হবেনা না বলে মন্তব্য করেছেন, প্রতিমন্ত্রী আব্দুল বারী।
‎মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদের সামনে বেলুন উড়িয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে শোভাযাত্রা বের করা হয়। বৃষ্টির মধ্যেই নেতা-কর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
‎পরে বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমলের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা সভাটি সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
‎আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
‎আব্দুল বারী বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এসব উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
‎তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের স্বার্থে ব্যক্তিগত মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে মাঠে থাকতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে তাঁদের আস্থা অর্জন করতে হবে।
‎সার সিন্ডিকেট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাজারে সারের কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনকে এ বিষয়ে আরও সোচ্চার থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।


প্রকাশিত: September 2, 2026 | সময়: 4:20 am | সুমন শেখ