সর্বশেষ সংবাদ :

সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

স্টাফ রিপোর্টার: রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিজয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক এস. এম. মাকছুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকাল ছয়টার দিকে বিজয়নগর এলাকায় অজানা কোনো যানবাহন ওই যুবককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে তাঁকে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাতটার দিকে তাঁর মৃত্যু হয়। পরিদর্শক এস. এম. মাকছুদুর রহমান জানান, নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত করে স্বজনদের সন্ধান পাওয়া গেলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: September 1, 2026 | সময়: 3:27 am | সুমন শেখ